২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে বৃহস্পতিবার সকালে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার নিকুলিন চাকমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে বৃহস্পতিবার সকালে ওই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপার নিকুলিন চাকমা। নিহতরা হলেন, বাচ্চু মিয়া (৩৫) ও কুদ্দুস মিয়া (৪০)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা নিকুলিন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান মেহারী ইউপি চেয়ারম্যান মো. আলম মিয়া এবং ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ (বৃহস্পতিবার) সকালে চেয়ারম্যানের সমর্থক ফরিদ এবং মোস্তাফিজের সমর্থক রশিদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকাল ৯টায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।" তিনি জানান, চেয়ারম্যান আলমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকিরা হলেন- মোসলেম মিয়া, রশিদ মিয়া ও বাবুল মিয়া। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানান। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, সংঘর্ষের সময় দুই পক্ষই ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে শতাধিক আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, হাসপাতালে নেওয়ার পথে বাচ্চু ও কুদ্দুসের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.