ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঞ্চল্যকর হিসেবে চিহ্নিত ১১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৃহস্পতিবার জানিয়েছেন।
সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা সংক্রান্ত মনিটরিং সেলের সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
যে ১১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলো ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত সংঘটিত গ্রেনেড ও বোমা হামলার ঘটনায় দায়ের করা।
এর মধ্যে রয়েছে, ১৯৯৯ সালে খুলনায় কাদিয়ানি মসজিদে বোমা হামলা, ২০০১ সালে বাগেরহাটের মোল্লার হাটে আওয়ামী লীগ সমাবেশে বোমা হামলা, ২০০৪ সালে সিলেটের রঙমহল সিনেমা হলে বোমা হামলা, সিলেট শাহজালাল মাজারে বোমা বিস্ফোরণ ও ২০০৭ সালে চট্টগ্রাম রেলস্টশনে বোমা হামলা মামলা ইত্যাদি।
তদন্তে আসামি চিহ্নিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।
চাঞ্চল্যকর এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় উষ্মা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "যে ঘটনায় মানুষ মারা গেছে, সে মামলায় চূড়ান্ত প্রতিবেদন হয় কীভাবে?"
মন্ত্রী জানান, গঠিত কমিটির প্রধান পুলিশের অপরাধ তদন্তের বিভাগের (সিআইডি) এক উপ মহা-পরিদর্শক। এছাড়া স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উপ-সচিব পর্যায়ের দুই কর্মকর্তা ও একজন সরকারি কৌসুলী।
চার সদস্যের এই কমিটি মনিটরিং সেলের ৬৬তম সভায় ১১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।
২১ আগস্ট গ্রেনেড মামলার তদন্ত আবার হবে কি না- এ প্রশ্নে সাহারা বলেন, "মামলাটি বিচারাধীন রয়েছে, তদন্ত চলছে। পুনতদন্তের বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবেন।"
এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বৃহস্পতিবারের বৈঠকে ১০টি মামলা নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে তিনটির অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল হয়েছে। মনিটরিং সেলের আগামী সভায় পিলখানা হত্যাকাণ্ড ও চট্টগ্রামের ব্যবসায়ী নিজামউদ্দিন হত্যা মামলার বিষয়ে আলোচনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "চাঞ্চল্যকর মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, দ্রুত চার্জশিট হয়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।"
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, র্যাব-এর মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ, অতিরিক্ত এটর্নি জেনারেল, অতিরিক্ত উপ মহা-পরিদর্শক (সিআইডি) ও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.
bdnews24