ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার আবার আপিল বিভাগে গেছেন বিএনপি নেতা হামিদউল্লাহ খান।
প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানির তারিখ নির্ধারণে চেম্বার বিচারপতির কাছে আবেদন করতে বলেছে।
হামিদউল্লাহ খানের আইনজীবী জানিয়েছেন, রোববার তারা আবার চেম্বার বিচারপতির আদালতে যাবেন।
অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদউল্লাহ খানের কৌঁসুলী খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ সাংবাদিকদের বলেন, "চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায় স্থগিতের ওপর কোনও আদেশ না দেওয়ায় আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আমরা আবেদন করেছিলাম। আদালত বলেছেন, শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করতে।"
হামিদউল্লাহ খানের অপর কৌঁসুলী মওদুদ আহমেদ জানান, রোববার তারা চেম্বার বিচারপতির আদালতে আবেদন করবেন।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল আজিজ বুধবার রায়ের নকল নিয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল (আপিলের আবেদন) করতে বলেন হামিদউল্লাহ খানকে।
মুক্তিযোদ্ধা এম এ সালামের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন হাইকোর্ট রায় দেয়, জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।
ওই রায় স্থগিতে মঙ্গলবার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান আপিল বিভাগে আবেদন জানান।
হামিদ্ল্লুাহ খানের অভিযোগ, হাইকোর্টের রায়ে জাতিকে বিভক্ত করা হয়েছে।
হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে চারদলীয় জোট সরকারের আমলে মুদ্রিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"-এর তৃতীয় খণ্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
এম এ সালামের এই রিট আবেদনে সেক্টরস কমান্ডারস ফোরাম ও হামিদুল্লাহ খান পক্ষভুক্ত হয়। গত ১৯ এপ্রিল ডা. এম এ সালাম রিটটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৩০০ ঘ.
bdnews24