২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় জয়নুলের জামিন

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বুধবার জামিন নিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বুধবার জামিন নিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। দুপুরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক গোলাম মর্তুজা মজুমদার জামিনের আদেশ দেন। বিএনপির এ নেতার বিরুদ্ধে ২০০০ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে বিলুপ্ত) মিরপুর থানায় মামলাটি দায়ের করে। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৬ মে দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে ফারুককে নোটিশ দেয়। ওই বছরের ৯ জুলাই তিনি নোটিশটি গ্রহণ করেন। তবে নোটিশ গ্রহণ করেও বেঁধে দেওয়া ৪৫ দিনের মধ্যে তিনি হিসাব বিবরণী দাখিল করেননি। এ মামলায় ২০০১ সালের ২৬ জুন আদালত থেকে জামিন নেন ফারুক। কিন্তু পরে তিনি আর হাজিরা দেননি। ২০০২ সালের ১১ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ফারুকের কৌঁসুলী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, এ মামলাটি যে শেষ হয়নি তা অভিযুক্তের (ফারুক) জানা ছিল না। তাই তিনি এতদিন আদালতে হাজির হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৬০০ ঘ.