ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত না করে রায়ের নকল নিয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল (আপিলের আবেদন) করতে বলা হয়েছে হামিদউল্লাহ খানকে।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল আজিজ এ পরামর্শ দেন।
মুক্তিযোদ্ধা এম এ সালামের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন হাইকোর্ট রায় দেয়, জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।
ওই রায় স্থগিতে মঙ্গলবার অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ খান আপিল বিভাগে আবেদন জানান। বুধবার এর ওপর শুনানি হয়।
শুনানিতে হামিদ উল্লাহ খানের কৌঁসুলী মাহবুবউদ্দিন আহমাদ বলেন, "রায়ের সার্টিফাইড কপি (নকল) পেলে আমরা লিভ টু আপিল করব। সে পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত রাখা হোক।"
বিচারপতি আব্দুল আজিজ কোনও স্থগিতাদেশ না দিয়ে রায়ের নকল নিয়ে লিভ টু আপিল করতে বলেন।
হামিদউল্লাহ খানের পক্ষে মওদুদ আহমেদ এবং জমিরউদ্দিন সরকারও আদালতে ছিলেন।
রিটকারী মুক্তিযোদ্ধা সালামের পক্ষে কৌঁসুলী ছিলেন, আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, মনজিল মোরশেদ।
সরকার পক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
ব্যারিস্টার আমীর সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয়নি আপিল বিভাগ। ইতিহাস বিকৃত করা হয়েছিল। হাইকোর্ট বিকৃত ইতিহাস উড়িয়ে দিয়েছে। সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রেখেছে।"
মাহবুবে আলম বলেন, "আদালত কোনও আদেশ না দিয়ে লিভ টু আপিল করতে বলেছে।"
অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, "রায় স্থগিত না করায় হাইকোর্টের রায় বহাল থাকল।"
হামিদ্ল্লুাহ খানের অভিযোগ, হাইকোর্টের রায়ে জাতিকে বিভক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই তিনি আপিল করছেন বলে দাবি করেন।
হাইকোর্টের রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরে চারদলীয় জোট সরকারের আমলে মুদ্রিত "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র"-এর তৃতীয় খণ্ড বাতিল ও বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।
এম এ সালামের এই রিট আবেদনে সেক্টরস কমান্ডারস ফোরাম ও হামিদুল্লাহ খান পক্ষভুক্ত হয়। গত ১৯ এপ্রিল ডা. এম এ সালাম রিটটি দায়ের করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24