ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জনের 'অকূটনৈতিক সুলভ' ও 'শিষ্টাচার বহির্ভূত' বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এক বিবৃতিতে এ দাবি জানান।
একই সঙ্গে এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
মুজাহিদ বলেন,'' পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে ভারতীয় হাইকমিশনারের অক ূটনৈতিক ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্যে দেশবাসী বিস্মিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী মৌনতা অবলম্বন করে দেশবাসীর চিন্তা চেতনার প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছেন-এটা দুঃখজনক।''
বিবৃতিতে আরও বলা হয়, ফারাক্কা বাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে। এজন্য টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছে। দেশের মানুষের মতামতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে তাচ্ছিল্যপূর্ণ কোনো মন্তব্য করা একজন ক ূটনীতিকের পক্ষে অশোভনীয়। পিনাক রঞ্জন টিপাইমুখ ও গঙ্গার পানির বিষয়ে যেসব বক্তব্য দিয়েছেন তার কোনো সত্যতা নেই বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২৩১১ঘ.
bdnews24