সাতক্ষীরা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে একজন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা, তার বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের সাতক্ষীরায় এক 'রাজাকার' এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিমের আদালত মামলাটি করেন আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা নওশের আলীর ছেলে মো. নাজিম উদ্দীন।
হাকিম এম এ সাঈদ মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হলেন- উপজেলার গদাই গ্রামের মোজাহার সরদার।
নাজিম উদ্দীন অভিযোগ করেন, ১৯৭১ সালের ১০ মে তার বাবা নওশের আলী সরদার ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে দেশে ফেরেন। তিনি বাড়িতে আছেন জানতে পেরে হানাদার পাকিস্তানি সেনা এবং সহযোগীদের নিয়ে মোজাহার সরদার তাদের বাড়িতে হানা দেন।
তারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক লুটপাট চালায়। এক পর্যায়ে রাজাকাররা নওশের আলীকে আশাশুনির চাপড়া সেনা ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানেই তাকে গুলি করে হত্যা করেন মোজাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24