২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে বর্ষা, বৃষ্টির দেখা নেই

ঋতু চক্রের দিনপঞ্জীতে এখন বর্ষাকাল। কবিগুরুর 'নীল নবঘনে' আষাঢ় মাসের ৯ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির ব্যাপারে নেহাতই কিপ্টেমি দেখাচ্ছে বাংলার প্রকৃতি। ভ্যাপসা গরম আর ধুকছে সারাদেশ। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে আবহাওয়া বিভাগের ভাষায় 'মৃদু' তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি কম হওয়ার কারণে সারাদেশেই অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঋতু চক্রের দিনপঞ্জীতে এখন বর্ষাকাল। কবিগুরুর 'নীল নবঘনে' আষাঢ় মাসের ৯ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির ব্যাপারে নেহাতই কিপ্টেমি দেখাচ্ছে বাংলার প্রকৃতি। ভ্যাপসা গরম আর ধুকছে সারাদেশ। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে আবহাওয়া বিভাগের ভাষায় 'মৃদু' তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি কম হওয়ার কারণে সারাদেশেই অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এ অবস্থা আরও তিন চারদিন চলতে পারে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ঠিক এ সময়টাতে বৃষ্টি অনেক কম হচ্ছে। এখন খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, টাঙ্গাইল, যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুসারে গত বছরের ২৩ জুন সারাদেশে মোট বৃষ্টির পরিমাণ ছিল ৩৭৬ মিলিমিটার। সেখানে এ বছর সোমবার (২২ জুন) সিলেটে ১ মিলিমিটার এবং রংপুর ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আর কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরও ৩/৪ দিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। রাশেদুজ্জামান জানান, এ মুহূর্তে মৌসুমী বায়ু একেবারেই দুর্বল। যদিও সারাদেশে এর বিস্তার ঘটেছে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের মৌসুমী বায়ু প্রবাহ এখন পর্যন্ত খুবই দুর্বল হয়ে অবস্থান করছে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ও বুয়েটের অধ্যাপক ড. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ বছরের এ অঞ্চলের বৃষ্টিপাতের ধারা বিশ্লেষণ করে যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে, এ বছরের জুন মাসে বৃষ্টি কম হবে। তবে তা স্বাভাবিকের প্রায় কাছাকাছি থাকতে পারে। এপ্রিলেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। অধ্যাপক নজরুল ইসলাম জানান, তবে আগস্ট ও অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। তিনি বলেন, ২০১০ সালে স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ শতাংশ বৃষ্টি বেশি হতে পারে। ২০১১ ও ১২ সালেও বৃষ্টি বেশি হবে। ২০১৩ ও ২০১৪ সালে আবার কম হবে। এ বছর মে মাসের দিকে ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে মৌসুমী বায়ু প্রবাহের আগাম বিস্তার ঘটে। তবে সে অনুযায়ী বৃষ্টিপাত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১২৭ঘ.