ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ ও নৌ-পরিবহন উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে আরো 'অনিয়মের' অভিযোগ তদন্তের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলেছে, মতিন 'একক সিদ্ধান্তে' চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাইলটদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করেন।
মঙ্গলবার সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "এটা সরকারী বিধিমালার লঙ্ঘন। তিনি একাই সরকারী চাকরিজীবীর অবসরের বয়সসীমা পরিবর্তন করতে পারেন না।
"এর তদন্ত হওয়া প্রয়োজন। তাই আমরা তদন্ত কমিটিকে এ বিষয়টিও খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছি।"
অভিজ্ঞতাহীন একটি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার ক্ষেত্রে মতিনের কথিত 'অনিয়ম' খতিয়ে দেখতে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত ২৩ মে একটি তদন্ত কমিটি গঠন করে।
সাবেক উপদেষ্টা মতিনের বিরুদ্ধে অভিযোগ, কন্টেইনার ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি বিদায়ের দিন ৬ জানুয়ারি রাত ৯টায় নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় তড়িঘড়ি করে 'ইসহাক ব্রাদাসর্' নামের একটি নতুন কোম্পানিকে চট্টগ্রাম বন্দরে ওই কাজ পাইয়ে দিয়েছিলেন। গত ১৫ জুন স্থায়ী কমিটির বৈঠকে মতিনের বক্তব্য শোনার জন্য তাকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির বৈঠকে উপস্থাপিত নথিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ৯ নভেম্বর সাবেক উপদেষ্টা মতিন তার একক সিদ্ধান্ত দেওয়ার আগে এ ব্যাপারে অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সরকারী কর্মকর্তাদের অবসরের বয়সসীমা বাড়ানোর সঙ্গে সরকারী কোষাগার থেকে বাড়তি অর্থ ব্যয়ের বিষয়টিও জড়িত। এজন্য অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।
মঙ্গলবার কমিটির বৈঠকে আরো জানানো হয়, পূর্ববর্তী বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় সরকারী ক্রয় নীতিমালা লঙ্ঘন করে ৪৫ কোটি টাকা ব্যয়ে দুটি টাগবোট কেনা হয়।। এমনকি প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদন পর্যন্ত পায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এএনএস/এইচএ/২৩৫০ঘ.
bdnews24