পঞ্চগড়, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকা থেকে সোমবার স্থানীয় জনতা অপহরণকারীর কবল থেকে এক মহিলা ব্র্যাক কর্মীকে উদ্ধার করেছেন। এ সময় তারা দুই অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ দেন।
অপহৃত পার্বতী রাণী পঞ্চগড়ের আটোয়ারী ব্র্যাক কার্যালয়ে কাজ করেন। তার বাড়ি পাশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার উকিলতলা ঠুমুনিয়া গ্রামে।
আটক করা দুজন হলেন- আটোয়ারী উপজেলার সুকাতি ধাইধাই পাড়ার রিকশা ভ্যানচালক বশিরুল ইসলাম (৪৫) এবং পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার রিকশা ভ্যানচালক আব্দুস ছাত্তার (৪৭)।
অপহরণকারীদের আরেকজন পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার রিকশাচালক খালেক (৪০) পালিয়ে গেছেন বলে আটকরা পুলিশকে জানিয়েছে।
পার্বতী রাণীর বরাত দিয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, সকালে তিন অপহরণকারী আটোয়ারী উপজেলার নলপুখুরী এলাকা থেকে পার্বতী রাণীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে সীমান্তের মীরগড় এলাকায় নিয়ে আসে। সেখানে গাড়ি থেকে নামিয়ে ভারতীয় ভুখণ্ডে নিয়ে যাওয়ার সময় পার্বতীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দু'জনকে আটক করে।
তিনি বলেন, অপহরণকারীরা এখন থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বশিরুল ইসলাম, আব্দুস ছাত্তার, খালেক এবং মাইক্রোবাস চালক বাবুলকে আসামি করে পার্বতী রাণী একটি মামলা করেছেন।
পার্বতী রানী সাংবাদিকদের জানান, ব্র্যাকের ঋণের টাকা পরিশোধ না করায় পার্বতী আটোয়ারী থানায় বশিরের বিরুদ্ধে অভিযোগ করায় তারা হত্যার উদ্দেশ্যে তাকে অপহরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24