মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত পে-কমিশন বাস্তবায়নে সুপারিশ প্রণয়নে গঠিত সচিব কমিটি ৩০ জুনের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটি আগামী জুলাই মাস থেকেই পে-কমিশনের সুপারিশ কার্যকর করার সুপারিশ করবে।
মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কমিটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করে একটি প্রস্তাব চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। কমিটি শিগগিরই আরো একটি বৈঠক করেই প্রতিবেদন চূড়ান্ত করবে। এরপর তা প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।
পে-কমিশনে কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বেতন বৈষম্য দূর করতে এতে ১০ : ১ হারে বেতন নির্ধারণের সুপারিশ করা হতে পারে।
কমিটির সুপারিশে কি থাকতে পারে এবং কর্মচারিদের দাবি অনুযায়ী বেতনের হার ৬ : ১ করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "অনেকের অনেক রকম দাবি রয়েছে। সব কিছুই বিবেচনা করা হচ্ছে। এর আগের ছয়টি কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু দেখেই এটি চূড়ান্ত করা হবে যাতে আগামী জুলাই মাস থেকেই এটি কার্যকর করা সম্ভব হয়।"
সচিব বলেন, "যা কিছুই করা হোক না কেন, আর্থিক সঙ্গতির সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হবে।"
তিনি আরও জানান, সরকারের ওপর যাতে তেমন চাপ না পড়ে সেজন্য সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে। স্থায়ী পে-কমিশন গঠনের বিষয়ে আবদুল আজিজ জানান, একটি পে-কমিশনের সুপারিশ বর্তমানে বাস্তবায়নের বিবেচনা চলছে। এ বিষয়েই এখন কাজ করা হচ্ছে। তাই স্থায়ী পে-কমিশনের বিষয়টি এখনই বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩৮ঘ.
bdnews24