২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় সাতজন নিহত

নরসিংদী ও ফরিদপুরে দু'টি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় রোববার তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস খাদে পড়ে মারা গেছেন দু'জন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন আরও দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী ও ফরিদপুরে দু'টি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় রোববার তিনজনের মৃত্যু হয়েছে। একইদিন মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস খাদে পড়ে মারা গেছেন দু'জন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন আরও দু'জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাদিরদী বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় হাওয়াতুল কবীর সুমন (১৯) নামে একজন নিহত এবং তার সহপাঠী আলামীন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাদিরদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। সুমনের বাড়ি উপজেলার রশির গ্রামে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আলামীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়লমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, কারিদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সুমন ও আলামীন মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নির্মাণাধীন একটি ভবনের লোহার অ্যাঙ্গলে ধাক্কা খেলে সুমন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। নরসিংদী: নরসিংদী সদর উপজেলার চৈতাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবুল মিয়া (২২) ও সালাউদ্দিন (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের দু'জনের বাড়ি সদর উপজেলার পাঁচদোনায়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৪টার দিকে নরসিংদী থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক পালিয়ে গেছে। মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহত আনুমানিক ৩০ বছরের এক যুবক এবং ৬০ বছরের এক বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, একটি যাত্রীবাহী বাস মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কের পাশে পার্কিং করা একটি ভটভটির (শ্যালো ইঞ্জিনচালিত বিশেষ বাহন) সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ দু'টি মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী: রাজশাহীর শাহ্ মখদুম উপজেলার ভুগরইল এলাকায় সকালে বাস চাপায় সোহরাব (৩৮) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোহরাবের বাড়ি শাহ্ মখদুম উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায়। তিনি একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেডিকেল রিপ্রেজেনটেটিভ বলে পুলিশ জানায়। শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন জানান, সকাল ৯টার দিকে রাজশাহী কলেজের একটি বাস নওহাটা থেকে কলেজে ফেরার পথে রাজশাহী-নওগাঁ সড়কের ভুগরইলে সোহরাবকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাহ্ মখদুম থানায় একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পৌর শহরের কল্যাণপুরে বাস চাপায় আলাউদ্দিন (১৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আলাউদ্দিন জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের আমিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে রহনপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাস শহরের কল্যাণপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় সাইকলেসহ আলাউদ্দিন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩৪৪ ঘ.