মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক সময়সূচি হচ্ছে। এজন্য সব মন্ত্রণালয় ও বিভাগে প্রস্তাব চেয়ে চিঠি দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি বেসরকারি টিভি চ্যানেলকে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, "ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়ার সাফল্যের পাশাপাশি সরকার তিন ধরনের অফিসসূচি নির্ধারণের বিষয় নিয়ে কাজ শুরু করেছে।"
শিগগিরই সংস্থাপন মন্ত্রণালয় প্রস্তাব আকারে সুপারিশমালা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে। মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেলে বিষয়টি কার্যকর করে অফিসসূচির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
আবদুল আজিজ বলেন, "একই সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় থাকলে নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। এ কারণে শহরে যানজটের সৃষ্টিও হতে পারে। তাই সরকার অফিস সূচি তিনটি পর্যায়ে ভাগ করার উদ্যোগ নিয়েছে।"
মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এক ঘণ্টা সময় এগিয়ে যাওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সময়সূচি পিছিয়ে দিচ্ছে। এতে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি একইসঙ্গে পড়ছে।
নতুন নিয়মে, সরকারি ও বেসরকারি অফিসগুলো যথারীতি বর্তমান সময় সকাল নয়টায়ই শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুরু হবে এ সময়ের আধ থেকে এক ঘণ্টা আগে। আর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো শুরু হবে অফিস সময়ের আধঘণ্টা পর।
নতুন সময়ের সাফল্য প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, "প্রথম দিনেই নির্ধারিত সময়ে সরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতির হারে সরকার খুশি।"
সচিবালয়ের ৩৭টি মন্ত্রণালয়ের মধ্যে ১০টি এবং ৬৪ জেলার মধ্যে ১১টি থেকে পাওয়া খবরে এ সময়ে উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০৫৫ঘ.
bdnews24