২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছাদ থেকে পড়ে দুই মহিলার মৃত্যৃ, বাস চাপায় একজন

রাজধানীর বনশ্রী ও বাড্ডা এলাকায় বৃহস্পতিবার ছাদ থেকে পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া সকালে মহাখালীতে যাত্রীবাহী বাসের চাপায় মো. ইব্রাহিম নামের (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর বনশ্রী ও বাড্ডা এলাকায় বৃহস্পতিবার ছাদ থেকে পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া সকালে মহাখালীতে যাত্রীবাহী বাসের চাপায় মো. ইব্রাহিম নামের (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, বনশ্রীতে ছাদ থেকে পড়ে গৃহবধূ শম্পা মারা গেছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে এ ব্যাপারে বিকেল পর্যন্ত পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় শম্পাকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সাব্বির হাসান নামের এক ব্যক্তি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণণা করেন। আমাদের প্রতিনিধি বলেন, এরপর চিকিৎসকরা শম্পার সঙ্গে সাব্বিরের সম্পর্ক জানতে চাইলে তিনি উল্টো-পাল্টা জবাব দেন। সাব্বির একবার বলেন, মহিলা তার কিছু হয় না। আরেকবার বলেন, রাস্তা থেকে মানবিক কারণে তিনি তাকে হাসপাতালে নিয়ে এসছেন। এতে চিকিৎসকদের মধ্যে সন্দেহ দেখা দেয়। তারা তাকে মেডিকেল ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় বলে আমাদের প্রতিনিধি জানান। কিছুক্ষন পর শম্পার ভাগ্নে পরিচয় দিয়ে আল আমিন নামে এক যুবক হাসপাতালে এসে জানান, ওই মহিলারই স্বামী সাব্বির হোসেন। সাহিল নামে তাদের তিন বছরের একটি ছেলে আছে। দু'জনের মধ্যে বহুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে আল আমিন জানান। এছাড়া বাড্ডা থানার উপ--পরিদর্শক দানেশ আলী জানান, উত্তর বাড্ডার নূরের চালা মসজিদের পাশের একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে গুলশান আরা (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কাপড় শুকাতে ছাদে গিয়েছিলেন বলে তিনি জানান। নিহতের স্বামীর নাম সিদ্দিকুর রহমান। এদিকে গুলশান থানার উপ--পরিদর্শক গিয়াসউদ্দীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ৬ নম্বর রুটের একটি বাসের চাপায় মো. ইব্রাহিম (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি এসিআই কোম্পানির কর্মচারী বলে তার পকেটে পাওয়া পরিচয়পত্রের ভিত্তিতে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২০২৪ ঘ.