কুষ্টিয়া, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বৃহস্পতিবার সকালে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার রাতে জবাই করে হত্যা করা হয়েছে এক মহিলাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুষ্টিয়া: মিরপুর উপজেলার সদরপুর গ্রামে খুন হওয়া ব্যক্তির নাম সবুজ আলী (৩০)। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার সরোয়ার আলীর ছেলে।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) প্রত্যুষ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১ টার দিকে সবুজ সদরপুর বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ১৮/২০ জনের এক দল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সবুজকে প্রথমে কুপিয়ে আহত করে এবং পরে গুলি করে চলে যায়। এলাকাবাসী আহত সবুজকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
এএসপি জানান, সবুজের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ায় খুন হওয়া মহিলার নাম সুফিয়া বেগম (৩৫)। বৃহস্পতিবার সকালে তার উদ্ধার করেছে পুলিশ।
সুফিয়া যশোরের দোগাছিয়া গ্রামের নূর ইসলামের স্ত্রী। কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে রাস্তা কাজে নিয়োজিত শ্রমিকদের রান্নার কাজ করতেন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "কাজ শেষে সুফিয়া বাড়ি ফিরছিলেন। বলিদাপাড়ার কাওছার মিয়ার ইটভাটার পাশে দুর্বৃত্তরা তাকে জবাই করে লাশ ফেলে যায়।"
তিনি জানান, সুফিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭১৬ ঘ.
bdnews24