২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার পাশে গাজীউল হক শায়িত

রাষ্ট্রীয় মর্যাদায় বগুড়ার সুলতানগঞ্জপাড়ায় পারিবারিক গোরস্থানে বাবার পাশে শায়িত হলেন ভাষাসৈনিক গাজীউল হক। বৃহস্পতিবার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে চতুর্থ ও শেষ নামাজে জানাজা শেষে সন্ধ্যা সাতটায় তাকে সমাহিত করা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মর্যাদায় বগুড়ার সুলতানগঞ্জপাড়ায় পারিবারিক গোরস্থানে বাবার পাশে শায়িত হলেন ভাষাসৈনিক গাজীউল হক। বৃহস্পতিবার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে চতুর্থ ও শেষ নামাজে জানাজা শেষে সন্ধ্যা সাতটায় তাকে সমাহিত করা হয়। বগুড়া প্রতিনিধি জিয়া শাহীন জানান, বিকাল সাড়ে ৫টায় তার লাশ সড়ক পথে ঢাকা থেকে বগুড়ায় বাসভবন নামাজগড় এলাকায় এসে পৌঁছে। সেখান থেকে আলতাফুন্নেছা খেলার মাঠে ছয়টা ১০ মিনিটে নামাজে জানাজা শেষে লাশ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময়ের জন্য রাখা হয়। শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত ভাষাসৈনিককে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জাসদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিসহ বিভিন্নস্তরের মানুষ ফুল দিয়ে এই ভাষাসৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এর পর গাজীউল হকের মরদেহ আবারো নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চতুর্থ নামাজে জানাজা শেষে সুলতাগঞ্জপাড়ায় ভাষাসৈনিকের পারিবারিক গোরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স তার মরদেহের কফিন নিয়ে বগুড়ার পথে রওনা হয়। কফিনের সঙ্গে গাজীউলের ছোট ছেলে রাহুল গাজী মেয়ে সুজাতা হক, সুতনুকা হক, মরহুম গাজীউল হকের ছোট ভায়রা সাবেক উইং কমান্ডার আব্দুল ওয়ারেদসহ অন্যান্য আত্মীয় স্বজন বগুড়া যান। বুধবার বিকালে অ্যাডভোকেট গাজীউল হক বার্ধক্যজনিতকারণে রাজধানীতে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। রাতে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। বৃহস্পতিবার সকালে প্রয়াত ভাষাসৈনিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, লেখক, শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই প্রয়াতের কফিনে ফুল দেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের দুটি নামাজে জানাজা হয়। শহীদ মিনারে ভাষাসৈনিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে বিশেষ অনুষ্ঠান। কালো কাপড়ে তৈরি মঞ্চে তার কফিন রাখা হয়। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম-উল হক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন নিয়াজি কফিনে ফুল দেন। মন্ত্রীদের মধ্যে শ্রদ্ধা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনীতিবিদদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, বিএনপির সাদেক হোসেন খোকা, জাসদের হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মন্ত্রী আসম রব প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, ছায়ানটের ড. সানজিদা খাতুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাংবাদিক ফয়েজ আহমদ, বিচারপতি নজরুল ইসলাম, নাট্যকার আলী যাকের, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ, ফকির আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ওবায়েদুল ইসলাম, ড. আনোয়ার হোসেন, ড. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গাজউল হকের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়। সহযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাতে আসা ভাষাসৈনিক আবদুল মতিন সাংবাদিকদের বলেন, "গাজীউল হক ভাষা আন্দোলনে সেনাপতি ছিলেন। তিনি সারাটি জীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে গেছেন। তার অনুপস্থিতি আমাকে ও আমাদের শোকাভিভূত করেছে।" বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জানাজায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, সহসভাপতি এম কে আনোয়ারও অংশ নেন। সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত জানাজায় প্রধান বিচারপতি মো. রুহল আমিন, আইনমন্ত্রী শফিক আহমেদ, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, জ্বালানি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অংশ নেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/জেএফ/এটি/এমআই/এএল/এসকে/২১১০ ঘ.