ঢাকা জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার বহুতল ভবন দিলকুশা সেন্টারে বুধবার আগুনে একটি তলা পুড়ে গেছে।
সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ২৮ দিলকুশায় অবস্থিত ২০তলা দিলকুশা সেন্টারের ১৪ তলায় আগুনের সূত্রপাত হয় বলে দমকল বিভাগ জানিয়েছে।
দমকল বিভাগের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শর্টসার্কিট হয়ে ১৪ তলায় ১৩০১/২ কক্ষটিতে আগুন লাগে। অফিস সময় শেষ হয়ে যাওয়ায় ফেয়ারলোন গার্মেন্টস এজেন্সি লিমিটেডের প্রধান কার্যালয়ে কেউ ছিল না। ৭টা ৪০ নাগাদ কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা আগুন আয়ত্বে আনতে পেরেছি।"
আব্দুর রশিদ জানান সেখানে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থা তারা দেখতে পাননি।
ফেয়ারলোন গার্মেন্টস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন বলেন," বিকালে অফিস বন্ধ করে আমরা বেরিয়ে যাই। এরপর আগুনের খবর জানতে পেরে এখানে এসেছি। কিভাবে আগুন লেগেছে, তা ধারণা করতে পারছি না।"
এ আগুনের কারণে মতিঝিল-দিলকুশা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/২২৪৪ঘ.
bdnews24