২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবলীগ নেতা হত্যার জের, অর্ধশত বাড়িঘরে আগুন

যুবলীগ নেতা আব্দুস ছাত্তারকে হত্যার জের ধরে বুধবার ভোরে এলাকাবাসী বেলাব উপজেলার সল্লাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলামের বাড়িসহ অর্ধশত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নরসিংদী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা আব্দুস ছাত্তারকে হত্যার জের ধরে বুধবার ভোরে এলাকাবাসী বেলাব উপজেলার সল্লাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলামের বাড়িসহ অর্ধশত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। শাহিদুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসীরা মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তারকে পিটিয়ে হত্যা করে বলে এলাকাবাসী জানায়। শহিদুল ইসলাম পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। স্থানীয়দের বরাত দিয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, গভীর রাতে ছাত্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ভোরে ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলামের বাড়িসহ অর্ধশত ঘরে আগুন ধরিয়ে দেয়। তিনি জানান, নিহতের স্ত্রী সাফিয়া বেগম বাদি হয়ে শাহিদুল ইসলামসহ ১৪/১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে ছাত্তার হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দলায় (২৫) ও শাজাহান (২৩) নামের দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে স্থানীয় সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী মিয়া বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করা হবে। সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, "সংসদ নির্বাচনের পর আমার এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। একটি কুচক্রী মহল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে আব্দুস ছাত্তারকে খুন করেছে।" তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান। নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে ছাত্তারের লাশ নিলক্ষিয়া গ্রামের বাড়িতে পাঠানো হয়। এ সময় কয়েক শ' নারী পুরুষ জমায়েত হয় তাদের বাড়িতে। পরিবারের সদস্যদের কান্নায় হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে লাশ দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/ডিডি/২১২৯ ঘ.