ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত অধ্যাপক মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
১৩ বছর সাজাপ্রাপ্ত মাহফুজ বুধবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পতি অর্জনের মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সময় গত বছরের ১৭ এপ্রিল অধ্যাপক মাহফুজকে সাজা দেয় বিশেষ জজ আদালত।
রায়ের সময় তিনি 'পলাতক' ছিলেন।
মাহফুজুরের বিরুদ্ধে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে কাফরুল থানার মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় অভিযোগ করা হয়, দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে মাহফুজুর ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৪ কোটি ৯৫ লাখ টাকার সম্পদের তথ্য মিলেছে।
অধ্যাপক মাহফুজুরের বিরুদ্ধে ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় ঘুষ গ্রহণসহ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের প্রকাশিত প্রথম ৫০ জন সন্দেহভাজন 'দুর্নীতিবাজের' তালিকায় অধ্যাপক মাহফুজের নাম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24