ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এক হাজার ৪শ'৯৭ কোটি টাকা ব্যয় সাপেক্ষ পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরে এনইসি-তে অনুষ্ঠিত একনেকের এক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন করা হয়।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব মোহাম্মদ হাবিউল্ল্যাহ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের এক হাজার ১শ'৪০ কোটি টাকার রপ্তানি উন্নয়ন প্রকল্প, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ৬৫ কোটি টাকার ঢাকা শহরের চারিদিকে বৃত্তাকার নৌ-পথ চালুকরণ (২য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯৭ কোটি টাকার পুলিশ বিভাগের ৬০টি তদন্ত কেন্দ্র নির্মাণ প্রকল্প, ১৬৮ কোটি টাকার কৃষি মন্ত্রণালয়ের ডাল ও তেল বীজ (২য় পর্যায়) প্রকল্প, সড়ক ও রেলপথ বিভাগের রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২৭ কোটি টাকার চিম্বুক-রুমা সড়কে সাংগু নদীর ওপর রুমা সেতুর অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্প।
এর মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৮৫০ কোটি টাকা। জাপানের ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) আওতায় ৬৫ কোটি টাকা পাওয়া যাবে। আর সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৫৮২ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/২০২৩ঘ.
bdnews24