নাটোর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের আদালত চত্বর থেকে মঙ্গলবার রাজু আহম্মেদ (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজু ২০০৫ সালে সিংড়ার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট ও তিন আনসার সদস্য খুনের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
অন্য একটি মামলায় সাক্ষ্য দিতে আসা সিংড়ার কালিগঞ্জ পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক গোলাম সাকলাইন রাজুকে জেএমবি সদস্য হিসেবে সনাক্ত করেন।
তিনি সাংবাদিকদের জানান, ২০০৬ সালে জেএমবির লিফলেট বিতরণকালে রাজুকে একবার আটক করা হয়েছিল।
রাজু ফাঁসি হওয়া জেএমবি নেতা আব্দুল আওয়ালের ঘনিষ্ট সহযোগী ছিলেন বলে জানান বর্তমানে নওগাঁয় কর্মরত এসআই সাকলাইন।
তবে রাজু জেএমবি'র সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, ব্যক্তিগত শত্র"তার কারণে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।
একটি মামলার হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলেও তিনি দাবি করেন।
নাটোর সদর থানা পুলিশ জানায়, দুপুরে রাজু আহম্মেদ জজ আদালতের প্রধান ফটকের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। আদালতের কর্মচারীরা তাকে আদালত চত্বর ছেড়ে যেতে বললে তাদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াছত আলী জানান, আদালতের কর্মচারীরা রাজুকে আটকের পর থানায় সোপর্দ করেছেন। তাকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০২ ঘ.
bdnews24