২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনায় সাইফুর

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান বলেছেন, সব অর্থমন্ত্রীকেই কালোটাকা সাদা করার নৈতিকতার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সমপ্রচারিত এক 'টক শো'তে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান বলেছেন, সব অর্থমন্ত্রীকেই কালোটাকা সাদা করার নৈতিকতার বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সোমবার সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সমপ্রচারিত এক 'টক শো'তে তিনি এ মন্তব্য করেন। তবে বাজেটে তিন বছরের জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাবেরও সমালোচনা করেন এই সাবেক অর্থমন্ত্রী। তিনি বলেন, "বাজেট এক বছরের বিষয়... কিন্তু যেভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে তা অগ্রহণযোগ্য ও অনৈতিক।" প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রসঙ্গে এম সাইফুর রহমান বলেন, "বড় আকারের এই বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৩৪ হাজার কোটি টাকা। যার মধ্যে ২০ হাজার ৫৫৫ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেওয়ার কথা বলা হয়েছে। "অভ্যন্তরীণ উৎস থেকে এই বিরাট অঙ্কের অর্থ যোগানের ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে, যা বিনিয়োগে বাধার সৃষ্টি করবে।" টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত ওই আলোচনা অনুষ্ঠানে আরো অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক সচিব আসাফ্উদ্দোলাহ্। আলোচকরা দুর্নীতি দমন কমিশনের গত দু'বছর রাজনীতিবিদদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বলেন, এর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। যারা দুদকের 'অপব্যবহার' করেছেন তাদের বিচারের দাবি জানান আসাফ্উদ্দোলাহ্। সাইফুর বলেন, সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদককে 'অমানবিকভাবে' ব্যবহার করা হয়েছে। এ জবাবে সালমান এফ রহমান জানান, সরকার এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে। "বিষয়টি সংসদে উত্থাপন করা হয়েছে.. এ ব্যাপারে সরকারকে আরো কিছুটা সময় দিতে হবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২৩০০ ঘ.