ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদায়ী সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার রাজশাহী ও খুলনায় সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগর ছাত্রদল দুপুরে দলীয় কার্যালয় ভুবনমোহন পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি সাহেববাজার ও আলুপট্টিসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল আলম রায়হান, সাধারণ সম্পাদক মুজাদ্দেদ জামেলী সুমন, মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা জেনারেল মইনকে ওয়ান ইলেভেনের খলনায়ক আখ্যায়িত করে বলেন, বিগত আড়াই বছরে জেনারেল মইন উ আহমেদ ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। জাতি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না। তাই অবিলম্বে তাকে গ্রেপ্তার করে সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
খুলনা প্রতিনিধি জানান, মঈন উ আহমেদের শাস্তির দাবিতে খুলনা জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশ করেছে।
নগর বিএনপি'র সাবেক সভাপতি এম. নূরুল ইসলাম দাদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আহবায়ক নজরুল ইসলাম মঞ্জু, জেলা যুগ্ম আহবায়ক শফিকুল আলম মনা, সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী ডালিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দুই নেত্রীকে নির্বাসনে পাঠিয়ে দেশকে রাজনীতিশূন্য করার ষড়যন্ত্রের মূল হোতা ওয়ান ইলেভেনের খলনায়ক সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদের অবশ্যই বিচার করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24