নওগাঁ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর পোরশা উপজেলার সোনাডাঙ্গায় আদিবাসী পাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্বদানকারী নূরুল হোসেন মাস্টারকে গ্রেপ্তারসহ সাত দফা দাবিতে সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে।
আদিবাসী পরিষদ পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) পবিত্র কুমার সিনহার বিরুদ্ধে হামলাকারীদের সহায়তার অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবি জানায়।
শুক্রবার বিকেলে নূরুল হোসেন মাস্টারের নেতৃত্বে চার শতাধিক লাঠিয়াল সোনাডাঙ্গা আদিবাসী পাড়ায় হামলা চালায়। তারা আদিবাসীদের মারধর, ভাঙচুর, লুটপাট ও ৭৭টি বাড়িতে অগ্নিসংযোগ করে।
সোমবার দুপুর ১২ টায় পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ যায় এবং এক ঘণ্টা ঘেরাও করে রাখে। ১টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেয়। ইউএনও না থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার।
স্মারকলিপি দেওয়ার পর জাতীয় আদিবাসী পরিষদ পোরশা শাখার সভাপতি মহেন্দ্র পাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- আদিবাসী নেতা আমিন কুজুর, নগেন কিচকু, রবন্দ্রীনাথ সরেন, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, আলমগীর রেজা প্রমুখ।
আদিবাসী নেতারা অবিলম্বে সাত দফা দাবি পূরণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আদিবাসীদের সাত দফার দাবির মধ্যে আরও আছে- ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পুনর্বাসন ও লুণ্ঠিত মালামাল উদ্ধার, ভূমিহীন নেতা এছাহাকসহ আদিবাসীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার, উপজেলার খাস জমি আদিবাসী ও ভূমিহীনদের মধ্যে সুষ্ঠু বণ্টন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24