ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র রায় রোববার জাতীয় সংসদে বলেছেন, টিপাইমুখ প্রকল্পের মাধ্যমে ভারত কোনো পানি প্রত্যাহার করবে না।
সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি একথা জানন।
রমেশ চন্দ্র রায় বলেন, "ভারত বলেছে- এটি একটি জলবিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্প থেকে পানি অন্যত্র প্রত্যাহার করা হবে না। সে ব্যাপারে তারা বাংলাদেশকে নিশ্চয়তাও দিয়েছে।"
বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ১৯৭৮ সালের জানুয়ারি মাসে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের চতুর্দশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রকল্পের ফলে বাংলাদেশে সম্ভাব্য বন্যা নিয়ন্ত্রণ এবং অন্যান্য ক্ষেত্রে কী কী উপকার হবে- সে বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের ফলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা- সে ব্যাপারে সমীক্ষা পরিচালনা করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের এক প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র রায় জানান, বর্তমান সরকার এ টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকায় একটি সংসদীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
যুদ্ধাপরাধীর বিচার
আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সংসদকে জানান, সরকারের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। যুদ্ধাপরাধ সম্পর্কিত বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রাইমস (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩ এর বিধান অনুযায়ী তদন্তকারী সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়ের করবে সরকার।
ন্যায়পাল নিয়োগ
জাতীয় পার্টির এ কে মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী লিখিত জবাবে জানান, সংসদ সুপারিশ করলে সেই অনুযায়ী ন্যায়পাল নিয়োগ দেওয়া হবে।
আইনের শাসন প্রতিষ্ঠায় দেশে ন্যায়পাল নিয়োগ দেওয়ায় পরিকল্পনা সরকারের আছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এএল/এসকে/২৩৫৭ঘ.
bdnews24