ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান হিসেবে রোববার কার্যত শেষ দিনের মতো অফিস করলেন জেনারেল মইন উ আহমেদ।
সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবীন নতুন সেনাপ্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন। গত ৭ জুন সরকার নতুন সেনাপ্রধান হিসেবে তাকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
রোববার বিকেলে বিদায়ী সেনাপ্রধান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে দেখা করেন।
সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, "নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশসেবায় আমার সর্বোচ্চটি দিতে চেষ্টা করেছি। এখন কাজের মূল্যায়নের ভার দেশের মানুষের ওপর।"
অবসরে যাওয়ার পর কীভাবে সময় কাটাবেন জানতে চাওয়া হলে চাকরি করার ইচ্ছার কথা জানিয়ে বিদায়ী সেনাপ্রধান বলেন, "ভবিষ্যতে আমি আরেকটি চাকরি করবো এটি নিশ্চিত। তবে কি করবো সে ব্যাপারে এখনো আমি কোনো সিদ্ধান্ত নিইনি।"
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মইন উ আহমেদ।
মইন উ আহমেদকে ২০০৫ সালের ১৫ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের ৬ এপ্রিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় যা গত বছরের ১৫ জুন থেকে কার্যকর হয়।
এর আগে ২০০৭ সালের ২৪ মে মইন জেনারেল পদে পদোন্নতি পান।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা জেনারেল মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। এসময়কালে জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তার বক্তব্য ও ভূমিকা নিয়ে বিতর্ক আছে।
এদিকে, সেনাপ্রধান পদে নিয়োগপ্রাপ্ত লে. জেনারেল মুবীন যশোর এবং চট্টগ্রামের জিওসি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন লে. জেনারেল মুবীন।
মুবীন ১৯৭৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১০৬ঘ.
bdnews24