২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে এএসআই'র বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঘুষ না দেওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলায় রোববার বিকেলে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা এবং তার দুই সহযোগী এক ব্যক্তিকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

নীলফামারী, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ না দেওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলায় রোববার বিকেলে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা এবং তার দুই সহযোগী এক ব্যক্তিকে মারধর করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আব্দুল হামিদের বাড়ি ডিমলা উপজেলার মধ্য গয়াবাড়ি গ্রামে। তিনি পেশায় একজন কৃষক। গ্রামবাসী ঘটনাস্থল থেকে নীলফামারী পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক হারুন অর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছে। হারুনকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম রসুল। তিনি সাংবাদিকদের বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" ডিমলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল হক ও এলাকাবাসী জানান, বিকেল ৩টার দিকে নীলফামারী ডিএসবি'র উপ-পরিদর্শক হারুন অর রশিদ দু'জন সঙ্গী নিয়ে মধ্য গয়াবাড়ি গ্রামের আব্দুল হামিদের বাড়ি গিয়ে তার বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ করেন এবং পাঁচ হাজার টাকা ঘুষ চান। অভিযোগ অস্বীকার করে হামিদ টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে হারুন তাকে চড় মারেন। এতে তিনি মাটিতে লুঠিয়ে পড়লে হারুন আবার কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে ঘটনাস্থলে হামিদের মৃত্যু হয়। ঘটনার পরপরই হারুনের দুই সঙ্গী পালিয়ে যান। হামিদের পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হারুনকে আটক করে। পরে খবর পেয়ে ডিমলা থানার ওসি শওকত হোসেন ঘটনাস্থলে যান। নীলফামারী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সাজ্জাদুর রহমান ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৪ ঘ.