ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ও ব্লেক শনিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এক ঘণ্টার এ সাক্ষাৎ অনুষ্ঠান শেষে রবার্ট ও ব্লেক সাংবাদিকদের বলেন, "আমাদের ফলপ্রসু বৈঠক হয়েছে। বৈঠকে বাংলদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।"
নতুন দায়িত্বভার নেওয়ার পর এটি ব্লেকের প্রথম বৈঠক।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে সবকিছু বলবেন বলে জানান তিনি।
সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন।
পরে শমশের মবিন সাংবাদিকদের বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ব্লেকের সঙ্গে বিরোধী দলীয় নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সব সময় ভাল সম্পর্ক রাখতে প্রতিশ্র"তিবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ সম্পর্ক যাতে শক্তিশালী ও মজবুত হয় তাও বৈঠকে আলোচিত হয়।
শনিবার বিকেলে রবার্ট ও ব্লেক দুই দিনের সফরে ঢাকা পৌঁছান। গত মে মাসে রিচার্ড এ বাউচারের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি ব্লেকের প্রথম ঢাকা সফর।
রবার্ট ও ব্লেকের রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এসকে/২৩০৩ঘ.
bdnews24