সুনামগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জ-৪ আসনের (সদর-বিশ্বম্ভরপুর) উপনির্বাচনের প্রচারণা শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে। সোমবার ভোট গ্রহণ হবে।
প্রচারণার শেষ পর্যায়ে শনিবার দিনভর প্রধান দুই জোটের প্রার্থীসহ তিনপ্রার্থী প্রচারণা ও গণসংযোগ, পথসভায় ব্যস্ত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, আজ (শনিবার) রাত ১২টার পর প্রচারণা বন্ধ থাকবে। নির্বাচনী এলাকার ১০৫ ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর কাজ চলছে। রোববার ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রয়োজনী জনবল মোতায়েন বিষয়টি চূড়ান্ত হবে।
১৭ এপ্রিল জাতীয় পার্টির সাংসদ মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
উপ-নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মতিউর রহমান, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ফজলুল হক আছপিয়া এবং ন্যাশনাল পিপলস পার্টির কৃষক মো. সাদেক।
চারদলীয় জোট প্রার্থী ফজলুল হক আছপিয়ার পক্ষে কেন্দ্রীয় যুবদল সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক সাংসদ ফজলুর রহমান, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ মিলন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান।
পরে বিকেলে সদর উপজেলার ইছাগড় বাজারে জোট প্রার্থীর পক্ষে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তব্য রাখেন- জোট প্রার্থী ফজলুল হক আছপিয়া, রবকত উল্লাহ বুলু, খায়রুল কবির খোকসহ বিএনপি নেতারা।
তারা মহাজোট সরকারের গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারের ভূমিকা ও প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটার দের প্রতি আহ্বান জানান।
মহাজোট প্রার্থী মতিউর রহমান জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহসহ মহাজোটের শরিক দলগুলোর নেতাকর্মীরদের নিয়ে সদর উপজেলার জয়নগর, আমবাড়ি এলাকায় গণসংযোগ চালান।
এ সময় মহাজোট প্রার্থী ডিজিটাল বাংলাদেশ গড়তে আসন্ন উপনির্বাচনে নৌকার পক্ষে ভোট চান। বিকেলে মহাজোট প্রার্থীর পক্ষে শহরে নির্বাচনী মিছিল বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24