ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শহরের আগ্রাবাদে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) কার্যালয় দখল নিয়ে সংঘর্ষের ঘটনা তদন্তে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম হোসনকে কমিটির প্রধান করা হয়। অন্য সদস্যরা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি মইনুর রহমান চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব জাকির হোসেন।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহেনূর মিয়া শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "(শনিবার) সকালে এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ডব্লিউটিসিসি'র ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।"
শুক্রবার ডব্লিউটিসিসি'র নতুন কমিটি গঠন ও এর কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ এম এ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
এতে তিনি সামান্য আহত হন। আহত অবস্থায় লতিফ এ সংস্থার কার্যালয়ের সামনে শুয়ে অবস্থান নিয়ে দলবলসহ প্রতিবাদ বিক্ষোভ করেন।
পরে বিকেলে সাংসদ ও ডব্লিউটিসিসি'র আহবায়ক লতিফের বাধা উপেক্ষা করে নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন এবং সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নতুন কমিটি ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢুকে দায়িত্বভার গ্রহণ করে।
কড়া পুলিশ প্রহরায় কোন ধরনের বিশৃংখলা ছাড়াই বিকাল পৌনে ছয়টায় নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠান শেষ হওয়ার ১৫ মিনিট আগে মেয়রের অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দীর্ঘ চার ঘন্টার বেশি মেঝেতে শুয়ে থাকা সাংসদ লতিফকে পাজাকোলা করে নিচে নামিয়ে তার গাড়িতে তুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/এমএইচসি/এইচএ/১৫৫৫ ঘ.
bdnews24