২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, কর্মকর্তা লাঞ্ছিত

আবাসিক ব্যবহারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কয়েক হাজার গ্রাহক বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

টাঙ্গাইল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাসিক ব্যবহারের বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কয়েক হাজার গ্রাহক বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেছে। বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ কার্যাললয়ে দরজা ও জানালার কাচ এবং বল্লা-কালিহাতী সড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করে। বল্লা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ইনচার্জ নূর মোহাম্মদকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। সহকারী প্রকৌশলী সোরহাব হোসেনকে লাঞ্ছিত করে। গ্রাহকরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে তারা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক ওবায়দুর রহমানের অপসারণও দাবি করে। সমাবেশে বক্তব্য রাখেন জাকির আহমেদ, এমএল হোসেন, সুখন আহম্মেদ, নূরুল ইসলাম, আমিনুল ইসলাম মিয়া প্রমুখ। পরে কালিহাতী উপজেলা চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান জানান, উপজেলার বল্লা পল্লী বিদ্যুৎ কার্যালয় প্রত্যেকটি বাড়িতে আবাসিক গ্রাহক হিসেবে মিটার সংযোগ দেয়। গ্রাহকদের কাছ থেকে আগে আবাসিক হারে বিল নেওয়া হতো। কিন্তু কিছুদিন ধরে ওই কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিটি গ্রাহকের কাছ থেকে বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, এ নিয়ে এলাকায় অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। টাঙ্গাইল ও বল্লা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে অনেক ঘোরাঘুরি করেও আবাসিক হারে বিল করাতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকালে গ্রাহকরা এ কর্মসূচি নেয়। হাসান ইমাম খান জানান, কালিহাতী থানা পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জনগণকে শান্ত করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৩ ঘ.