২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিসিসি অফিসে ঢোকা নিয়ে সাংসদ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতি

চট্টগ্রামে শহরের আগ্রাবাদে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) অফিসে ঢোকাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ এম এ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে।(আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে শহরের আগ্রাবাদে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) অফিসে ঢোকাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ এম এ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম প্রতিনিধি জানান, সাংসদ লতিফ কয়েকশ' লোক নিয়ে ডব্লিউটিসিসি অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাংসদ লতিফের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি সহকারি পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এবং ওসি একেএম মঞ্জুরুল হককে ঘুষি মারেন বলে পুলিশ দাবি করছে। এ সময় সাংসদ লতিফ ও তার লোকজনের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এতে লতিফ সামান্য আহত হয়েছেন। এর আগে লতিফের বিরুদ্ধে পতেঙ্গায় উর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত এবং বিমানের ফ্লাইটে পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে। সরকার দলীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফকে বাদ দিয়ে শুক্রবার থেকে নতুন ব্যবস্থাপনায় ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল বা ডব্লিউটিসিসি'র কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে আগ্রাবাদে ডব্লিউটিসিসি'র কার্যালয়ে বিকেল সাড়ে চারটার দিকে ডব্লিউটিসিসির নবগঠিত পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নৌপরিবহন মন্ত্রী আফসরুল আমীন। আর বিশেষ অতিথি হিসাবে আছেন চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। দেশের অভ্যন্তরীণ নদী পথে চলাচলকারী পণ্যবাহী জাহাজ মালিকদের দুটি সংগঠন 'কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন' এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম চেম্বারের সহায়তায় ২০০৫ সালে ডব্লিউটিসিসি প্রতিষ্ঠা করে। চেম্বারের সঙ্গে স্বাক্ষরিত এ সংক্রান্ত সমঝোতা স্মারকে চেম্বার সভাপতি ও জ্যেষ্ঠ সহ-সভাপতিকে যথাক্রমে ডব্লিউটিসিসির উপদেষ্টা এবং আহ্বায়ক করার বিধান চালু করা হয়। আট মাস আগে এমএ লতিফ চট্টগ্রাম চেম্বারের সভাপতি হওয়ার পর থেকে নিজে ডব্লিউটিসিসির উপদেষ্টা এবং আহ্বায়কের পদ আঁকড়ে রাখেন। এ নিয়ে জাহাজ মালিকেরা ত্যক্ত-বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। গত ৩ জুন নৌপরিবহন মন্ত্রী চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ ছালামকে ডব্লিউটিসির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর এই নির্দেশের পর সাংসদ লতিফ চট্টগ্রাম চেম্বারের বোর্ড সভা ডেকে ডব্লিউটিসিসির আহ্বায়ক পদটি ধরে রাখার আগ্রহ প্রকাশ করেন এবং চেম্বার পরিচালকদের কাছ থেকে এ সংক্রান্ত কাগজে সই নেন। এর পরই জাহাজ মালিকদের সংগঠন দুটি চেম্বারের মধ্যস্থতা বাদ দিয়ে ডব্লিউটিসিসির কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নেয়। জাহাজ মালিকদের সংগঠন দুটি বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারকে চিঠি দিয়ে তাদের সঙ্গে চার বছর আগে সম্পাদিত সমঝোতা স্মারকের কার্যক্রম বাতিল করে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাংসদ লতিফ তার লোকজন নিয়ে আগ্রাবাদের কাদেরী চেম্বারের পাঁচতলায় ডব্লিউটিসিসি অফিসে ঢোকেন। সাড়ে বারোটার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান। পরে বেলা একটার দিকে তিনি আবার দু'শতাধিক লোক নিয়ে ডব্লিউটিসিসি অফিসে ঢোকার চেষ্টা করেন। এ সময় ডব্লিউটিসিসির নির্বাহী পরিচালক এজিএম নিজাম ডবল মুড়িং থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাধা দিলে তার সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি এবং তার লোকজন পুলিশের উপর চড়াও হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে বলে লতিফ অভিযোগ করেন। কিন্তু পুলিশ সে অভিযোগ অস্বীকার করেছে। সাংসদ লতিফ অভিযোগ করেন, নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন এবং চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী পুলিশ লেলিয়ে দিয়ে তাকে অবৈধভাবে ডাব্লিউটিসিসি অফিসে ঢুকতে বাধা দেয়। তিনি বলেন, 'ওদের নির্দেশে পুলিশ আমাকে বেধড়ক পিটিয়ে মাটিয়ে শুইয়ে দেয়। বুট দিয়ে লাথি মারে, রাইফেলের বাট দিয়ে গুতা দেয়। "বন্দরে লুটপাটের রাজত্ব কায়েম করতে মন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা ডাব্লিউটিসিসি অফিস দখলের চেষ্টা করছে। তাদের কারণেই এ দেশ চোর বাটপারের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার দিন বদলের স্লোগান লুটপাটের স্লোগানে পরিণত হবে এদের কারণেই।" ডব্লিউটিসিসি'র নবগঠিত পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে বিকেল পৌনে ছয়টায়। বিকেল পাঁচটার দিকে সাংসদ লতিফকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পাঁজাকোলা করে তার গাড়ীতে তুলে দেন। হাতাহাতির ঘটনার পর তিনি ডব্লিউটিসিসি'র গেটের সামনে মেঝেতে শুয়ে অবস্থান নেন। আর তার লোকজন সেখানে বিক্ষোভ-সমাবেশ করছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। ডব্লিউটিসিসি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/১৮২৩ ঘ.