২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"দখলের অভিযোগ ভিত্তিহীন, এটিএন জমি কিনেছে"

এটিএন বাংলার লোকজনের গুলশানের বাড়িটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা সাইফুল বারী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাইফুল বারী বলেন, "অভিযোগটি ভিত্তিহীন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এটিএন বাংলার লোকজনের গুলশানের বাড়িটি দখলের চেষ্টা চালানোর অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা সাইফুল বারী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাইফুল বারী বলেন, "অভিযোগটি ভিত্তিহীন।" তিনি উল্টো প্রশ্ন তুলে বলেন, "প্রশ্ন হচ্ছে যারা দখল করার চেষ্টা করলো তারা তার লোক? রাতে এটিএন বাংলার পক্ষ থেকে ওই বাড়ি দখল করতে কেউ যায়নি। যারা গিয়েছিল তারা এটিএন বাংলার কেউ নয়।" পুলিশের উদ্ধার করা সাইনবোর্ডটিও তাদের নয় বলে দাবি করেন এটিএন এর প্রধান উপদেষ্টা। তবে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান জনৈক আবদুর রশিদ খানের কাছ থেকে জমিটি মার্চ মাসে কিনেছেন বলে দাবি করেন সাইফুল বারী। তিনি বলেন এর প্লট নম্বর সিডব্লিওএস (এ) ১৩। তবে রাজউক প্লট নম্বর পরিবর্তন করেছে বলে তিনি জানান। সাইফুল বারী বলেন, আব্দুর রশিদ বাড়িটি রাজউকের কাছ থেকে লীজ নিয়েছেন। তবে তিনিও বাড়ির দখল পাননি। আবদুর রশিদের মালিকানার 'প্রমাণ' হিসাবে সাইফুল বারী রাজউককে সার্ভিস চার্জ জমা দেওয়ার রশিদ উপস্থাপন করেন। রাজউকের কাছ থেকে আবদুর রশিদের কথিত লিজ নেওয়ার কাগজপত্র চাওয়া হলে তিনি তা দিতে পারেননি। বিক্রেতা আব্দুর রশিদ যেখানে নিজেই জমির দখল পাচ্ছেন না সেখানে মাহফুজুর রহমান কেন তা কিনতে গেলেন এ প্রশ্ন করা হলে সাইফুল বারী সরাসরি কিছু না বলে উল্লেখ করেন,"বেশিরভাগ জমিরই সমস্যা হচ্ছে দখল নিয়ে। এখন কিনে নেই তারপর দখল পাওয়া যাবে।" এটিএন বাংলার দেখানো জমি কেনার দলিলে বলা হয়েছে আবদুর রশিদ ওই প্লটে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে বসবাস উপযোগী সেমিপাকা ঘর তৈরি করে বার্ষিক খাজনা, ট্যাক্স, কর, বিল ইত্যাদি পরিশোধ করে 'অন্যের বিনা ওজর আপত্তিতে' ভোগ দখল করে আসছেন। এদিকে পুলিশের সূত্র থেকে মাহফুজুর রহমানের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করার কথা বলা হলেও সাইফুল বারী জানিয়েছেন এ বিষয়ে কোনও ডায়েরি করা হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। দেখানো 'দলিল' অনুযায়ী মাহফুজুর রহমান বাড়িসহ এক বিঘা এক কাঠা এক ছটাক আকারের জমিটি আব্দুর রশিদ খানের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকায় কেনেন। তবে বর্তমান বাজার মূল্য অনুসারে গুলশানে প্রতি কাঠা জমির মূল্যই প্রায় ২ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এলএইচ/এসকে/২০৩১ঘ.