লিটন হায়দার
প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে মঙ্গলবার মধ্যরাতে একটি বাড়ি দখলের চেষ্টা চালায় এক দল সশস্ত্র লোক। তারা টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার লোক পরিচয় দিয়ে ৬৯ নম্বর গুলশান এভিনিউর ওই বাড়িতে বসবাসরত বৃদ্ধ দম্পতিকে উৎখাত করতে চেয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। আশ-পাশের বাড়ির পাহারাদারদের বাধায় দখলের ওই চেষ্টা ব্যর্থ হয়। বিস্তারিত জানাচ্ছেন লিটন হায়দার।
(আরও তথ্যসহ)
রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকাগুলোর একটিতে ওই বাড়ি দখলের চেষ্টা চালানোর ঘটনায় স্থানীয়রা ১১ 'হামলাকারীকে' আটক করে পুলিশের হাতে তুলে দেয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ ঘটনার সময় হামলাকারীদের গ্রেপ্তারে সক্রিয় হয়নি।
এদিকে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "অভিযোগটি ভিত্তিহীন। রাতে এটিএন বাংলার পক্ষ থেকে কেউ ওই বাড়ি দখল করতে যায়নি। যারা গিয়েছিল তারা এটিএন বাংলার কেউ নয়।"
তবে সাইফুল বারী বলেন, জমিটি এটিএন বাংলার পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমান মার্চ মাসে জনৈক আবদুর রশিদ খানের কাছ থেকে কিনেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে কবির চৌধুরী, আশরাফুল, সাইফুর রহমান, সুজন, মোক্তার, নাজমুল, সোহেল, আজিম, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম এবং শাহিন।
কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির নামে একজন তাদের পাঠিয়েছে।
গ্রেপ্তারদের বুধবার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম মণ্ডল সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদ শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ সময় আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে।
আদেশে হাকিম বলেন, "এজাহারের বর্ণনামতে মামলার ঘটনা রহস্যময় বলে প্রতীয়মান হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তাদের দু'দিন রিমান্ড মঞ্জুর করা হলো।"
বাড়ির মালিক আব্দুল কাইয়ুমের ভাগ্নে রুহুল কাদের ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে বোন শিরীনের (আব্দুল কাইয়ুমের মেয়ে) ফোনে তার ঘুম ভাঙে। শিরীন তাকে জানায়, ছোরা ও রডসহ ১০-১৫ জন লোক বাড়িতে ঢুকে পড়ে ভাংচুর চালাচ্ছে।
রুহুল বলেন, "আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই। ততক্ষণে বাড়ির সামনের দরজা ভেঙে ফেলেছে হামলাকারীরা। বাড়ির সামনে একটি মেরুন রঙের মাইক্রোবাস ছিল, যার নম্বর প্লেট ছিল না।
"তারা আমার খালুকে গাড়িতে তুলে নিয়েছিল। খালাম্মাকেও ওঠানোর চেষ্টা করছিল। তাদের মুখ ছিল কালো কাপড়ে ঢাকা।"
ওই সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে বাধা দেয় এবং ১১ জনকে আটক করে।
আব্দুল কাইয়ুমের মেয়ে শিরীন আলম চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা কর্মী শফিকুল ইসলামের চিৎকার শুনে তিনি দোতলা থেকে বাইরে তাকিয়ে দেখেন সন্ত্রাসীরা বাসার ভেতর ঢুকছে। তখন তিনি টেলিফোন করে খালাতো ভাই রুহুল কাদেরসহ সব আত্মীয়স্বজনকে ঘটনা জানান বলে দাবি করেন।
বাড়ি দখলের চেষ্টার ব্যাপারে শিরীন বাদি হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
এর পাশের বাড়িটি এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর। তার বাড়ির পাহারাদাররা চার হামলাকারীকে আটক করে। বাকিদের কাইয়ুমের বাড়িতেই আটকে রাখা হয়। পরে তাদের পুলিশে তুলে দেওয়া হয়।
রুহুল কাদেরের অভিযোগ, চার হামলাকারী মাইক্রোবাস নিয়ে পুলিশের সামনে দিয়েই পালিয়ে যায়।
তিন ঘণ্টার এই নাটকীয় ঘটনার পর অশীতিপর আব্দুল কাইয়ুম শুধু বলেন, "এই বাড়ি আমার। ১৯৭০ সাল থেকে এখানে আছি। এখন এ ধরনের কাণ্ড-কারখানা কীভাবে ঘটছে?"
স্তম্ভিত মাহবুবা কাইয়ুম (আব্দুল কাইয়ুমের স্ত্রী) কোনো কথাই বলতে পারেননি।
গুলশান থানায় এটিএন বাংলার পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এতে দাবি করা হয়, বাড়িটির মালিক এটিএন বাংলা কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, "হামলাকারীদের কাছে বড় একটি সাইনবোর্ড ছিল। তাতে লেখা ছিল 'এটিএন বাংলা থ্রিডব্লিউএস(এ)৬৯ এ প্লটটি কিনেছে এবং তারাই এর মালিক'।"
ঔপনিবেশিক আমলে কর্মজীবন শুরু করে আব্দুল কাইয়ুম বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান হিসেবে অবসর গ্রহণ করেন।
ঘটনার পর আব্দুল কাইয়ুমের নিকট আত্মীয় শিল্পপতি সালমান এফ রহমানসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ঘটনাস্থলে যান।
এক প্রতিবেশীও বলেন, "গত ৪০ বছর ধরে তিনি এ বাড়িতে রয়েছেন।"
এ হামলায় পুলিশ জড়িত রয়েছে বলে বেশ কয়েকজন প্রতিবেশী সন্দেহ প্রকাশ করেছেন।
কাইয়ুমের এক প্রতিবেশী বলেন, "বাড়ির পাহারাদাররা যে ১১ জনকে আটকে রেখেছিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। যখন আমার ছেলে ওসিকে ডাকে তখন তিনি (ওসি) কোনও উত্তরই দেননি। ওসি এমন ভান করছিল, যেন কোথায় ঘটনাটা ঘটছে তা তিনি জানেনই না।"
আব্দুল কাইয়ুমের বাড়ির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 'মাই সিকিউরিটি' নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথমে মূল ফটকে কয়েকজন টোকা দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু উত্তর আসার আগেই গেট টপকে ২/৩ জন ভেতরে ঢুকে যায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা গেট খুলে দিলে একটি নাম্বার প্লেটবিহীন মাইক্রোবাস বাসার সীমানায় ঢোকে।
তিনি বলেন, "মাইক্রোবাস থেকে প্রায় ৮/১০জন নেমে আসে। এদের একজনের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা এবং হাতে পিস্তল ছিল। এই ৮/১০ জন দুটি দলে ভাগ হয়ে বাসার ভেতরে ঢুকে তাকে অস্ত্রের ভয় দেখায় এবং মারধর করে মাটিতে শুইয়ে ফেলে।
নিরাপত্তা কর্মী শফিকুল বলেন, "এর কিছুক্ষণ পরই বাড়ির মালিক আব্দুল কাইয়ুমকে কয়েকজন একরকম পাঁজাকোলা করে বাসার ভেতর থেকে তুলে এনে মাইক্রোবাসে নিয়ে বসায়। এরই মধ্যে আত্মীয় রুহূল কাদের এসে কাইয়ুমকে এ অবস্থায় দেখে চিৎকার করে আশেপাশের লোকজনের সাহায্য চান এবং তাকে গাড়ি থেকে নামান।"
গৃহপরিচারিকা রাজিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা বাসার ভেতরে ঢোকার জন্য দরজা ভাঙে। তাদের হাতে বিভিন্নরকম অস্ত্র ছিল। তারা আব্দুল কাইয়ুমকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। তারা তার স্ত্রীকেও নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বাসার আসবাবপত্র তছনছ করে।
রুহুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশপাশের লোকজন এসে গেলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এরমধ্যে চারজন সীমানা দেয়াল টপকে আব্দুল আউয়াল মিন্টুর বাসার ভেতরে ঢুকে পড়লে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে এবং সেই বাসার দারোয়ানরা তাদের ধরে ফেলে। অন্য ৭ জনকে এই বাসা থেকে আটক করা হয়।
রুহুল কাদের অভিযোগ করেন, বাসার বাইরে গেটে পুলিশ থাকলেও তাদের বলার পরও কোন ব্যবস্থা না নেওয়ায় নাম্বার প্লেট বিহীন মাইক্রোবাসটি পালিয়ে যেতে সক্ষম হয়। মাইক্রোবাসে তখন মুখ কালো কাপড় দিয়ে ঢাকা আগ্নেয়াস্ত্র নিয়ে একজন সহ অন্তত: চারজন বসা ছিল।
রুহুল কাদের জানান, বাড়িটি দখল করার জন্য সন্ত্রাসীরা তার খালা-খালুকে গাড়িতে তুলে নিয়ে যেতে চেয়েছিল।
২/৩ দিন আগের এক ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, শরীফ এবং হাসান মাহমুদ নামে গুলশান থানার দুই কর্মকর্তা রাত ১০টার দিকে আব্দুল কাইয়ুমের বাড়িতে এসে বলেন, তিনি বাড়ির মালিক নন, বরং ভাড়াটে এ মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আব্দুল কাইয়ুম তিনি অসুস্থ জানিয়ে পরের দিন সকালে আসতে বললে পুলিশ কর্মকর্তারা চলে যান এবং পরের দিন সকালে আবার সে বাড়িতে যান।
রুহুল কাদের বলেন, সকালে তাদের কাছে বাড়িওয়ালা-ভাড়াটের কোন চুক্তিপত্র আছে কিনা দেখতে চাইলে পুলিশ কর্মকর্তারা তা দেখাতে পারেননি। চুক্তিপত্র পরে দেখাবেন বলে তারা জানায়। কিন্তু পুলিশ পরে আর কোন যোগাযোগ করেনি। এরপরই মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটলো।
সাধারণ ডায়েরির বিষয়ে গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বাড়িটি তার দাবি করেন এবং আব্দুল কাইয়ুমকে তার ভাড়াটে উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশের উদ্ধার করা সাইনবোর্ডটিও তাদের নয় বলে দাবি করেন তিনি ।
পুলিশ মাহফুজুর রহমানের পক্ষ থেকে গুলশান থানায় কয়েকদিন আগে একটি সাধারণ ডায়েরি দায়ের করার কথা বললেও সাইফুল বারী জানিয়েছেন এ বিষয়ে থানায় কোনও ডায়েরি করা হয়নি। শুধু মৌখিকভাবে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এমআই/এইচএ/এসকে/১৯৫১ ঘ.
bdnews24