ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট সেবনে শিশু মৃত্যুর খবর নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।
মঙ্গলবার সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সংবাদ মাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর ভিত্তিহীন। কৃমিনাশক ট্যাবলেট সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কারো কারো মাথা ব্যথা ও ডায়রিয়া হতে পারে।"
মন্ত্রী জানান, একটি মহল শিশুদের ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট না খাওয়ানোর পরামর্শ দিয়ে মাইকে ঘোষণা দিয়েছে। পাশাপাশি ওষুধ সেবন করা শিশুদের তেঁতুলের শরবত খাওয়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে। এতে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।
রুহুল হক বলেন, "বিশ্বের কোথাও ভিটামিন 'এ' ক্যাপসুল সেবনের ফলে মৃত্যুর কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি। তবে কৃমিনাশক ওষুধ সেবনের ফলে কারো কারো মাথা ব্যথা কিংবা ডায়রিয়া দেখা দিতে পারে।"
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভিটামিন ক্যাপসুল সেবনে ১১ বছরের এক শিশু মারা গেছে বলে একটি পত্রিকায় খবর ছাপা হয়েছে। তবে ওই শিশুর বাবা-মা অন্য আরেক পত্রিকাকে বলেছেন সন্তানকে তারা ভিটামিন ক্যাপসুল খাওয়াননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯৪৪ঘ.
bdnews24