২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের গুলিতে ডাকাত নিহত

ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশনে পুলিশের গুলিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতি করে পালানোর সময় মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশনে পুলিশের গুলিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হয়েছে। উপজেলার সুচক্রদণ্ডী গ্রামের বাসিন্দা বোয়ালখালী উপজেলার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আবু তাহেরের বাড়িতে ওই ডাকাতি হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু তাহেরের বাড়িতে ডাকাতি করে ৩০-৪০ জন ডাকত পালাচ্ছিল। পথে ভোররাত সাড়ে ৩টার দিকে ধলঘাট রেল স্টেশনে তারা টহল পুলিশের সামনে পড়ে। ওসি মহিউদ্দিন বলেন, "ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত মারা যায়। অন্যরা পালিয়ে যায়।" তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, ডাকাতি করা একটি হাতঘড়ি এবং তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাতরা চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে বলে আবু তাহেরের বাড়ির লোকজন পুলিশের কাছে অভিযোগ করেছে। নিহত ডাকাতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মহিউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৩২২ ঘ.