২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ ইব্রাহিমের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

টাকা হস্তান্তরের সূত্র ধরে বাংলাদেশে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 08:33 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাকা হস্তান্তরের সূত্র ধরে বাংলাদেশে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা দাউদ ইব্রাহিমের কাছ থেকে সুবিধা পাওয়া কয়েকজনের নাম জানতে পেরেছে। দাউদ মার্চেন্ট, জাহিদ শেখ ও আরিফ হোসেনের স্বীকারোক্তি এবং মোবাইল ফোন কললিস্টের সূত্র ধরে তাদের চিহ্নিত করা হয়। তারা দুবাইয়ে থাকা ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের কাছ থেকে নিয়মিত টাকা পেতেন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, টাকা প্রেরণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাংলাদেশে টাকার গ্রাহকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে দু-একদিনের মধ্যে ন্যাশনাল ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মহিবুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশের একাধিক অ্যাকাউন্ট থেকে দাউদ মার্চেন্ট, জাহিদ শেখ ও আরিফ হোসেনকে টাকা পাঠানো হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে আর কারা টাকা পেয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "এভাবে আমরা দাউদ ইব্রাহিমের অন্য সহযোগীদের গ্রেপ্তার করতে পারব।" । মহিবুল ইসলাম খান জানান, পাকিস্তান থেকেও ফাহিম মচমচ নামের এক ব্যক্তি জাহিদ ও আরিফের কাছে টাকা পাঠিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তির ঠিকানা থেকে আরও টাকা এসেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, শনিবার সাত দিনের জন্য রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে আরিফ হোসেন ঢাকায় তার কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। তাদের সেখানে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। ২৬ মে ব্রাক্ষণবাড়িয়া থেকে দাউদ মার্চেন্ট ও কামাল মিয়া এবং ঢাকার মোহাম্মদপুর থেকে থেকে জাহিদ শেখকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ৬ জুন ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফ হোসেনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/টিআর/০০৫৫ ঘ.