২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম সংসদের ১১৯ সদস্যকে প্লট দিয়েছে রাজউক

অষ্টম সংসদের ১১৯ জন সাংসদকে বনানী, উত্তরা ও পূর্বাচলে প্লট বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জমি পাওয়া সাংসদদের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সদস্য সবচেয়ে বেশি- ১১০। বাকিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৪ ও জাতীয় পার্টির ৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম সংসদের ১১৯ জন সাংসদকে বনানী, উত্তরা ও পূর্বাচলে প্লট বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জমি পাওয়া সাংসদদের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সদস্য সবচেয়ে বেশি- ১১০। বাকিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৪ ও জাতীয় পার্টির ৫ জন। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গৃহায়ন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সংসদকে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বিভিন্ন সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে জানান, উত্তরা-পূর্বাচলে প্লটের জন্য ১ লাখ ৬৫ হাজার আবেদনকারীর আবেদন যাচাই করে স্বল্পতম সময়ের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, উত্তরা-পূর্বাচলে যেসব সাংসদ এবার আবেদন করেছেন,তাদের প্লট দেওয়া হবে বলেও জানান তিনি। রাজউকের প্লট সাধারণত লটারির মাধ্যমে বরাদ্দ করা হয়ে থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে গৃহায়ন প্রতিমন্ত্রী সংসদকে বলেন, '' ঢাকার আবাসিক সমস্যা সমাধানে 'ঝিলিমিল' প্রকল্পসহ আরও চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এছাড়া জেলা, উপজেলা পর্যায়ে বহুতল ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে আবাসিক সমস্যা নিরসন করার ব্যবস্থা নেবে সরকার।'' আওয়ামী লীগের আবুল কাশেম মাস্টারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, জোট সরকারের দেওয়া প্লটের বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। গরহাজির বিশ্ববিদ্যালয় শিক্ষক চট্টগ্রাম-১০ আসনের সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, উচ্চ শিক্ষা ও গবেষণার কাজে বিদেশ যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯২ জন শিক্ষক কাজ শেষ হওয়ার পরও দেশে ফিরে আসেননি। এদের মধ্যে একশ' শিক্ষককে চাকুরিচ্যুত করে তাদের কাছ থেকে পাওনা অর্থ আদায় করা হয়েছে। বাকি ৯২ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশালে বিশ্ববিদ্যালয় হবে বরিশাল অঞ্চলের বাসিন্দা সাংসদ রাশেদ খান মেননের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বরিশাল জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যে প্রাথমিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাধ্যমিক স্তরের বই বিনামূল্যে বিতরণ সাংসদ মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই সরবরাহের পরিকল্পনা নিয়েছে সরকার যা বাস্তবায়ন করতে আনুমানিক ৩ শ' কোটি টাকা ব্যয় হবে। এতে ৮০ লাখ ২১ হাজার ৪শ'২১ জন ছাত্র-ছাত্রী বিনামূল্যে বই পাবে। ৫ বিভাগে আইটি ভিলেজ করা হবে হাফিজ উদ্দিন আহমেদসহ কয়েকজন সাংসদের প্রশ্নের জবাবে বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সংসদকে জানান, পাঁচটি বিভাগে সরকার আইটি ভিলেজ স্থাপন করবে। এটি এবছরেই শুরু হবে। এছাড়া কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/১৯৫৭ঘ.