ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভিটামিন এ ক্যাম্পেইনের পর শিশু অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে দু' একদিনের মধেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলমকে প্রধান করে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. একলাছুর রহমান, নিপসমের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান, আইসিডিডিআরবি'র রোগতত্ত্ব বিভাগের ডা. এ এস জি ফারুক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এস জে এম মূসা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সোমবার মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ বলেন, "দেশে তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি একটি কার্যকর ও সফল কর্মসূচি। এতে শিশুদের কোনও ক্ষতির আশঙ্কা কখনো দেখা দেয়নি। কৃমিনাশক ট্যাবলেটেও কোন সমস্যা হাওয়ার কথা নয়।"
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের মাধ্যমে প্রাপ্ত তথ্য মতে সদ্য অনুষ্ঠিত ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে এখন পর্যন্ত শিশুদের মধ্যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মারাত্মক ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়নি। খুব সামান্যসংখ্যক শিশুর যে অসুবিধা হয়েছে তার কোনটিই মারাত্মক নয়।
মন্ত্রী বলেন, প্রকৃত বিষয় যাই হোক, অভিভাবকদের মধ্যে এ নিয়ে আতঙ্কের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, তদন্ত কমিটি দু' একদিনের মধ্যে শিশুদের অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন করে প্রতিবেদন দাখিল করবে। কারো কোনও গাফিলতির কারণে যদি সমস্যার সৃষ্টি হয়ে থাকে অথবা কেউ যদি বিশেষ উদ্দেশ্যে আতঙ্ক ছড়িয়ে থাকে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।
শনিবার সারাদেশে ভিটামিন 'এ' ক্যাম্পেইন পালন করা হয়। এর আওতায় দেশের ২ কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ১ কোটি ৯০ লাখ শিশুকে কৃমিনাশক এলবেনডাজল ট্যাবলেট খাওয়ানো হয়।
শিশুদের ওষুধ খাওয়ানোর পরপরই দেশের বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। এ পর্যন্ত ২০০ বেশি শিশুর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/১৯১৫ঘ.
bdnews24