২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

" উপজেলার সচিবের দায়িত্ব না নিলে ইউএনও পদ থেকে লাভ কি?"

উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন উপজেলা চেয়ারম্যানরা। তারা আরো অভিযোগ করেছেন, আইন অনুযায়ী ইউএনও'রা উপজেলা পরিষদ সচিবের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করে ওই পদে নতুন সচিব নিয়োগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা হতে চান প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাহী অফিসারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন উপজেলা চেয়ারম্যানরা। তারা আরো অভিযোগ করেছেন, আইন অনুযায়ী ইউএনও'রা উপজেলা পরিষদ সচিবের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করে ওই পদে নতুন সচিব নিয়োগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা হতে চান প্রধান নির্বাহী কর্মকর্তা। রোববার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠকে উপজেলা চেয়ারম্যানরা এসব অভিযোগ করেন। আইন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপজেলা পরিষদ সচিবের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করলে ইউএনও পদ বিলুপ্তির প্রস্তাব দিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। বৈঠকে উপজেলা চেয়ারম্যান সমিতির আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার এবং সদস্য সচিব বদিউজ্জামান বাদশা বলেন, "ইউএনও'রা সচিবের দায়িত্ব না নিলে এবং পরিষদে নতুন সচিব নিয়োগের প্রয়োজন হলে উপজেলায় ইউএনও পদ রাখার আর কোন প্রয়োজন নেই। কারণ উপজেলায় সব মন্ত্রণালয় ও সংস্থার পৃথক কর্মকর্তা রয়েছেন।" স্থানীয় সাংসদরা উপজেলা চেয়ারম্যানদের প্রতিপক্ষ ভেবে তাদের পাশ কাটিয়ে ইউএনওদের দিয়ে কাজ করাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "প্রচলিত আইনে উপজেলা পরিষদে স্থানীয় সাংসদকে উপদেষ্টা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় না, অপ্রয়োজনে কেউ পরামর্শ দিতে যাবেন। আমি নিজেও আমার উপজেলা পরিষদে কোন পরামর্শ দিতে যাই না। তবে প্রয়োজন হলে আইন সংশোধন করে এটিও বাদ দেওয়া যাবে।" সৈয়দ আশরাফ বলেন, উপজেলা পরিষদে ইউএনও এবং ভাইস চেয়ারম্যানদের পদমর্যাদা ও কাজ নির্ধারণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনে আইন সংস্কার করে এসব চূড়ান্ত করা হবে। তবে বর্তমানে যেহেতু ভাইস চেয়ারম্যানের কোন কাজ নেই, তাই তাদের বিভিন্ন উপ-কমিটির সভাপতি করা যেতে পারে। এতে তারাও কাজের মধ্যে থাকবেন। বৈঠকে উপজেলা চেয়ারম্যান সমিতি আহ্বায়ক হারুন অর রশীদ হাওলাদার বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব সংক্রান্ত পরিপত্র জারির পরও ইউএনওসহ স্থানীয় পর্যায়ের সরকারি অফিসগুলো তাদের সহায়তা করছেন না। তারা বলছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো তাদের কোন আদেশ দেওয়া হয়নি। উপজেলা চেয়ারম্যান সমিতির প্রতিনিধি ছাড়াও মানিকগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ কালাম এবং সিরাজগঞ্জের রায়গঞ্জের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাবের নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সমিতিরও প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যানরা অভিযোগ করেন, পরিষদে ভাইস চেয়ারম্যানের পদ রাখা হলেও তাদের কোন কাজ নেই। স্থানীয় লোকজন তাদের উপহাস করে। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা উপজেলা পরিষদ সংক্রান্ত পরিপত্রেও তাদের কার্যক্রম সম্পর্কে কোন কিছু উল্লেখ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৩৫ঘ.