ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুরিয়ার সার্ভিসকে আইনি কাঠামোর আওতায় আনতে যাচ্ছে সরকার। এ জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠকে দ্য পোস্ট অফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০০৯ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে কুরিয়ার সার্ভিসের বৈধতা দেওয়ার বিষয়টি আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার সকালে ১১টায় এ বৈঠক শুরু হয়।
দুপুরে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "দ্য পোস্ট অফিস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০০৯ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে কুরিয়ার সার্ভিসের বৈধতা দেওয়ার বিষয় আছে।"
তিনি জানান, বিদ্যমান আইনের ৪ ও ১৮ ধারার সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। ডাক বিভাগকে ফি আদায় করে নিজেদের কিছু কাজ অন্যকে লাইসেন্সের মাধ্যমে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, বিদ্যমান আইন লঙ্ঘন করলে প্রথমে ৫০ টাকা ও পরে ৫০০ টাকা জরিমানার বিধান ছিল। সংশোধনীতে তা ৫০ হাজার ও ২ লাখ টাকা করা হয়েছে।
পাট সংক্রান্ত আইনের সংশোধনী
বৈঠকে দ্য জুট (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০০৯ এর অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আবুল কালাম আজাদ বলেন, পাট ও পাট শিল্পের ব্যবসা বিধিবদ্ধকরণ ও উন্নতির জন্য লাইসেন্স দেওয়াসহ জুট অর্ডিন্যান্স-১৯৬২ প্রণয়ন করা হয়েছিল। ১৯৭৪ ও ১৯৮৩ সালে অধ্যাদেশের আংশিক সংশোধন করা হয়।
"২৬ এপ্রিল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দু'টি ধারা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাট বেলের ওজন মণ হিসেবে আছে। এটি কেজি করার কথা বলা হয়েছে। বেল বাধার জন্য যে রশি ব্যবহার করা হয় তা বেলের মধ্যে অন্তর্ভূক্ত করার কথা বলা হয়। এটি আজকে (সোমবার) অনুমোদন হয়েছে।"
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বোর্ড অব গভর্নরস এর ৪২ তম বার্ষিক সভা এবং ব্যাংককে অনুষ্ঠিত এসকাপ এর বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদনও বৈঠকে উপস্থাপন করা হয়।
আজাদ বলেন, ১৯৭২ সাল থেকে মন্ত্রিসভার সদস্যরা বড় কোন সেমিনার বা সম্মেলনে যোগদান শেষে প্রতিবেদন দিতেন। এ প্রথা এক সময় বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর অনুরোধে আবার তা চালু হয়েছে।
আজাদ বলেন, "অর্থমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ইন্দোনেশিয়ার বালিতে এডিবির সভায় অংশ নেয়। মন্ত্রী সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বমন্দার প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছে।"
বাংলাদেশের প্রতিনিধি দল বাণিজ্যিক ভারসাম্য আনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য ও ভারতের সঙ্গে আলোচনা করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এডিবি আগামী ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে ২০ কোটি ডলারের বাজেট সহায়তা দেবে।
তিনি জানান, এসকাপ সম্মেলনের প্রতিপাদ্য ছিল এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থানীয় কৃষি ও খাদ্য নিরাপত্তা। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্েযর প্রতিনিধি দল এতে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এসকে/১৮৫৮ঘ.
bdnews24