ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকিউল ইসলামকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য মনোনীত করা হয়েছে।
বিমান পরিচালনা পর্ষদের সভায় শনিবার তাকে মনোনীত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিমানের পরিচালক (প্রশাসন) আমিনুল হক।
সাবেক এয়ার কমোডর জাকিউল ইসলাম এর আগে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে দায়িত্ব পালন করেছেন।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের এর আগে জানিয়েছিলেন এভিয়েশন ব্যবসায় অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকেই তারা নিয়োগ দিতে চান।
এভিয়েশন ব্যবসায় কোনও অভিজ্ঞতা না থাকলেও বিমান বাহিনীর সাবেক কর্মকর্তাকে কেন বিমানের প্রধান নির্বাহী পদে মনোনীত করা হলো জানতে চাওয়া হলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাছাইয়ের জন্য তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছিল। তারাই তাকে (জাকিউল) মনোনীত করেছেন।"
"আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এর ভিত্তিতে ২২ জন আবেদন করেছেন। এই ২২ জনের মধ্য থেকেই মনোনীত করা হয়েছে," বলেন তিনি।
এপ্রিলের প্রথম সপ্তাহে বিমানের এমডি ও সিইও পদ থেকে এয়ার কমোডর জাহেদ কুদ্দুস পদত্যাগ করলে এ পদের জন্য লোক চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিমান পরিচালনা পর্ষদের সাবেক একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২২টি আবেদনের ভেতর থেকে আমরা তিনজনকে মনোনীত করেছিলাম। এরমধ্যে ছিলেন বিমানের সাবেক দুজন এমডি ও অস্ট্রেলিয়ার কোয়ান্টাস এয়ারলাইন্সে কর্মরত একজন অভিবাসী বাংলাদেশী। জাকিউল ইসলাম এ তিনজনের মধ্যে ছিলেন না।"
"কিন্তু এরপর মন্ত্রণালয় থেকে এমডি ও সিইও নিয়োগ আপাতত স্থগিত রাখতে বলা হয় এবং পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হয়। এভিয়েশন ব্যবসায় জাকিউল ইসলামের কোনও অভিজ্ঞতা নেই," বলেন তিনি।
নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভূক্ত হওয়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল হামিদ-আল-হাসানের সমন্বয়ে বাছাই কমিটি গঠন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এ কমিটির একজন সদস্য বলেন, "নিয়োগের ব্যাপারে এখনও ফাইনাল কিছু হয়নি। আমরা তিনজনকে বাছাই করেছি। এর মধ্যে এক নম্বরে রয়েছেন জাকিউল ইসলাম।"
গত ১৭ মে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জি এম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এমন একজনকে খুঁজছি যার এয়ারলাইন্স ব্যবসায় অভিজ্ঞতা রয়েছে। আমি পরিচালনা পর্যদকে বলেছি দক্ষ সিইওর খোঁজে প্রয়োজনে আপনারা আবারও বিজ্ঞপ্তি দেন।"
এ ব্যাপারে জামাল উদ্দীন আহমেদ বলেন, "পত্রিকায় নানা ধরণের লেখালেখি দেখে এমডি ও সিইও নিয়োগ স্থগিত রেখে প্রয়োজনে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু বোর্ডে আমরা সিদ্ধান্ত নিলাম এর কোনও দরকার নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২১৪৭ঘ.
bdnews24