ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীতে রোববার সকালে এক প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মাল চুরি হয়েছে।
সাভারে শনিবার গভীর রাতে এক মাদ্রাসা শিক্ষকের বাড়ি থেকে ডাকাতরা প্রায় তিন লাখ টাকার মাল নিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর খুলশী থানার আকবর শাহ হাউজিং সোসাইটির হায়দার আলী নামের এক প্রবাসীর বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মাল চুরি হয়েছে।
চুরির সময় তাদের ঘরে কেউ ছিল না বলে জানান গৃহকর্তা।
হায়দার আলীর বরাত দিয়ে খুলশী থানার উপ-পরিদর্শক নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকবর শাহ হাউজিং এলাকার মারফত ভিলার মালিক হায়দার আলী সকাল ৮টার দিকে রাউজানের গ্রামের বাড়ি থেকে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান।
হায়দার আলী সাংবাদিকদের জানান, আলমারিতে ভাড়াটিয়াদের কাছ থেকে পাওয়া প্রায় এক লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ছিল। চোরেরা সবই নিয়ে গেছে।
হায়দার আলী সাংবাদিকদের জানান, পরিবারের সবাই শুক্রবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাসায় চুরি হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছে।
সাভার প্রতিনিধি জানান, দক্ষিণ গাজিরচট এলাকায় মো. আব্দুল্লাহ-আল-মামুন নামরে মাদ্রাসা শিক্ষকের বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় তিন লাখ টাকার মাল নিয়ে গেছে।
যাওয়ার সময় ডাকাতরা একটি পিস্তল ও গুলি ফেলে যায়।
রাজধানীর পল্লবী এলাকার তামিরুল হায়াত ইনস্টিটিউটের শিক্ষক আব্দুল্লাহ-আল-মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে ১৫/১৬ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা বাড়ির সবাইকে দু'টি কক্ষে আটকে রাখে। এরপর গৃহকর্তার কাছ থেকে চাবি নিয়ে আলমিরা থেকে নগদ টাকা, ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ফোন সেট, একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়।
ডাকাতরা ঘরে বসেই লুটের মাল নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে ওই শিক্ষক জানান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24