ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাফিয়া ডন বলে পরিচিত দাউদ ইব্রাহীমের সন্দেহভাজন আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্র্কেটের পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুব আলম ।
গ্রেপ্তার আরিফ (৪০) ২০০১ সাল থেকে ঢাকায় বসবাস করছে বলে পুলিশের দাবি। এ নিয়ে দাউদ ইব্রাহীমের চার সহযোগীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো।
মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরিফ মুম্বাইতে ভাস্কর শেঠি নামের এক ব্যবসায়ীকে হত্যা করার পর ঢাকায় পালিয়ে আসে। সে আরও কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত আছে বলে আমরা ধারণা করছি।"
তিনি বলেন, "দাউদের প্রধান সহচর ছোটা শাকিলের নির্দেশে আরিফই প্রথম ঢাকায় এসে তাদের সন্ত্রাসী দলের একটি ঘাঁটি ঢাকায় গড়ে তোলার কাজ শুরু করেছিল। পরবর্তী সময় অন্যরা আসে।"
মাহবুব আলম জানান, আরিফ ভোলার এক মেয়েকে বিয়ে করে ঢাকায় মোহাম্মদপুরে সংসার শুরু করে। তাদের দুটি সন্তানও আছে।
তিনি বলেন, "আরিফ এখানে কিছুই করতো না। প্রতি মাসে মুম্বাই থেকে তাকে ১৬ হাজার করে টাকা পাঠানো হতো। দাউদ মার্চেন্টসহ অপর তিন জন গ্রেপ্তার হওয়ার পর তাদের ছাড়াতে আইনি সহায়তা দেওয়ার জন্য সে বিভিন্ন স্থানে যোগাযোগ করেছিল বলে আমরা জানতে পেরেছি।"
রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে আরিফকে আদালতে পাঠানো হবে বলেও জানান মাহবুব আলম।
এদিকে দুপরে আরিফকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাংবাদিকদের কাছে ভাস্কর শেঠীকে হত্যার কথা স্বীকার করে তিনি বলেন, ২০০১ সালে জামিন পেয়ে তিনি বাংলাদেশে আসেন।
আরিফ জানান, কৃষি মার্কেটে তিনি কসাইয়ের কাজ করতেন। বিহারী হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি।
গত ২৭ মে দাউদ ইব্রাহীমের সহযোগী দাউদ মার্চেন্টকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমডি/এফএফ/এমআই/১৩১৭ ঘ.
bdnews24