ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বিপ্লবী জোটের সমন্বয়ক বদরুদ্দীন উমর।
তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী এক কনভেনশনে এ আহ্বান জানান।
বদরুদ্দীন উমর বলেন, "স্বাধীনতার পর থেকেই ধনীক শ্রেণির দলগুলো দেশ পরিচালনা করছে। তারা জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। বিদেশি সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মদদ নিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখছে। এ অবস্থায় ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।"
তিনি বলেন, "বাংলাদেশের শাসক শ্রেণি ও সাম্রাজ্যবাদ বিশেষেত মার্কিন সাম্রাজ্যবাদ এখন জনগণের প্রতিপক্ষ এবং লক্ষ্যবস্তু হিসেবে অবিচ্ছেদ্য। এদের এক কে বাদ দিয়ে অন্যের বিরুদ্ধে সংগ্রামের চিন্তা সম্পূর্ণ অবাস্তব।"
কনভেনশনে বক্তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
কনভেনশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল নজরুল ইসলাম, কথাশিল্পী শওকত আলী, তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ইউপিডিএফ নেতা প্রসিত বিকাশ খীসা, নাট্যব্যক্তিত্ব মামুনূর রশীদ প্রমুখ।
রাজনীতিবিদ-লেখক-সাহিত্যিকসহ ভিন্ন পেশার কয়েকজন ওই কনভেনশন আয়োজন করে। এর সমন্বয়কের দায়িত্ব পালন করেন বদরুদ্দীন উমর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮১১ ঘ.
bdnews24