কক্সবাজার, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের বিভিন্ন এলাকায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার সুতরিয়া এলাকার ঠাণ্ডা মিয়া (৩৫), সরইতলী এলাকার সখিনা বেগম (৩৫) ও তার ছেলে সলিম উল্লাহ (৮), উখিয়ার হিজলিয়া গ্রামের মরিয়ম খাতুন (২৬) ও রামু উপজেলার ছোট জামছড়ি এলাকার কবির আহমদ (২৮)।
আহতদের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোহাম্মদ উল্লাহ (৩২) ও তানভীর (২)।
মহেশখালীর ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান মকবুল আহমদ জানান, বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের সুতরিয়া এলাকায় মাছ ধরার ট্রলার মেরামতের কাজ করছিলেন সৈয়দ আলমের ছেলে ঠাণ্ডা ও একই এলাকার মোহাম্মদ উল্লাহ।
বিকেল ৫টা ১৫ মিনিটে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ঠান্ডা মিয়া। আহত হন মোহাম্মদ উল্লাহ। তাকে অজ্ঞান অবস্থায় ডুলাহাজারা খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
ইউপি চেয়ারম্যান জানান, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে মারা যান ইউনিয়নের সরইতলী এলাকার আবুল কালামের স্ত্রী সখিনা ও তার ছেলে সলিম।
বজ্রপাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও তিনজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে তারা সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি জানান।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান শাহকামাল চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে বজ্রপাতে ইউনিয়নের হিজলিয়া গ্রামের সব্বির আহমদের স্ত্রী মরিয়ম ঘটনাস্থলেই মারা যান। আহত হয় তার একমাত্র ছেলে তানভীর। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোকতার আহমদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে ছোট জামছড়ি এলাকার কালা মিয়ার ছেলে কবির আহমদ মারা যায়।
তিনি জানান, প্রায় একই সময়ে ইউনিয়নের মৌলভীকাটা এলাকায় বজ্রপাতে আহত হন বদিউল আলম (২৪), আলী আহমদ (১৭) ও সোনা মিয়া (২৬)। তারা সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24