২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শতাধিক শিশু অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে চরভদ্রাসন উপজেলার দুটি গ্রামে শতাধিক শিশু অসুস্থ হওয়ার ঘটনায় ফরিদপুর জেনারেল হাসপাতালের ডা. সঞ্জয় সাহাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 01:06 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ফরিদপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেয়ে চরভদ্রাসন উপজেলার দুটি গ্রামে শতাধিক শিশু অসুস্থ হওয়ার ঘটনায় ফরিদপুর জেনারেল হাসপাতালের ডা. সঞ্জয় সাহাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। শুক্রবার চর সালিপুর ও চর হাজারবিঘা গ্রাম থেকে ফিরে জেলার সিভিল সার্জন ডা. বশীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। শিশুদের অসুস্থ হওয়ার ঘটনা তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।" তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালিপুর এবং চর হাজার বিঘা গ্রামের শতাধিক শিশু ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর বমি ও পাতলা পায়খানা করতে শুরু করে। সিভিল সার্জন জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৬ এবং চর ভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন শিশু চিকিৎসাধীন আছে। তবে শুক্রবার নতুন করে কোনও শিশুর অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। ডা. বশীরুল ইসলাম জানান, কমিটির অপর সদস্যরা হলেন- ডা. ওবায়দুর রহমান এবং ডা. আবু ফয়সাল মো. পারভেজ। শনিবার সারাদেশে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি রয়েছে। কিন্তু দু'দিন আগেই ফরিদপুরের চরভদ্রাসনে এ ট্যাবলেট খাওয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা। গরমের সময় ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হযে পড়ার ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএসবি/১৯০৭ ঘ.