ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাজার হাজার অডিট আপত্তি নিয়ে সংসদে কোনোদিনই আলোচনা হয়নি বলে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে প্রায় দুই লাখ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
সাবেক একজন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও তার এক সাবেক সহযোগীর পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে।
মার্কিন সরকারের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এর সাহায্যপুষ্ট সংস্থা 'প্রগতি' এ সমীক্ষাটি চালানোর উদ্যোগ নেয়।
সমীক্ষা পরিচালক সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আসিফ আলী বলেন, "এই অর্থ দিয়ে বাংলাদেশ ২০ টি পদ্মা সেতু নির্মাণ করতে পারতো।"
আসিফ আলী এবং তার এক সময়ের সহযোগী প্রতিরক্ষা ব্যয়ের দায়িত্বে নিয়োজিত সাবেক কম্পট্রোলার জেনারেল শাহজাহান মিয়া সমীক্ষাটি চালান। তারা বৃহস্পতিবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত এক আলোচনা সভায় এটি প্রকাশ করেন।
সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান।
আসিফ আলী বৈঠকে বলেন, অডিট আপত্তি নিয়ে সংসদে আলোচনা এবং এই বিপুল অঙ্কের অর্থ উদ্ধারের নির্দেশ দিলে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হতো।
পরিকল্পিত পদ্মা সেতু নির্মাণে দশ হাজার কোটি টাকা লাগার কথা উল্লেখ করে তিনি বলেন, "সংসদে এ ব্যাপারে আলোচনা ও দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা উদ্ধারের নির্দেশ দেওয়া হলে আমরা কমপক্ষে ২০ টি পদ্মা সেতু নির্মাণ করতে পারতাম।"
বছরের পর বছর ধরে আলোচনা না করায় অডিট আপত্তিগুলো অন্ধকারেই পড়ে রয়েছে বলে তিনি জানান।
আসিফ আলী তার গবেষণা পদ্ধতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ১৯৭২ সাল থেকে ওঠা হাজার হাজার অডিট আপত্তির সঙ্গে সংশ্লিষ্ট মোট অর্থের ওপর ভিত্তি করে সমীক্ষাটি চালানো হয়।
সংবিধান অনুযায়ী, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় সংসদে অডিট রিপোর্ট পেশ করে থাকে।
১৫ সদস্যের সরকারি হিসাব কমিটি অডিট আপত্তিগুলোর এর একটি অংশ নিয়ে আলোচনা করে প্রয়োজনমতো অর্থ উদ্ধারের সুপারিশ করে। কিন্তু একের পর এক সংসদ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এ প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে শাহজাহান মিয়া বলেন, অষ্টম সংসদের সরকারি হিসাব কমিটি ৩০২ টি অডিট আপত্তি তুলে ১৩ হাজার ৬শ'২২ কোটি টাকার অনিয়মের অভিযোগ করে এবং তার মধ্যে ১২ হাজার ৬শ' ৫ কোটি টাকা আদায়ের সুপারিশ করে। কিন্তু এর মধ্যে মাত্র ৬৫ কোটি টাকা উদ্ধার হয়।
তিনি বলেন, অডিট আপত্তি নিয়ে সংসদে আন্তরিকভাবে আলোচনা ও অর্থ উদ্ধারে ব্যবস্থা নেওয়া উচিত।
সরকারি হিসাব কমিটিকে শক্তিশালী করে তোলার ওপরও জোর দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩১২ ঘ.
bdnews24