ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্যাতনের শিকার এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করেছে মহিলা আইনজীবী সমিতি।
তুলি আক্তার (৯) নামের শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
মহিলা আইনজীবী সমিতির সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাশিদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মহিলা আইনজীবী সমিতিতে ফোন করে একজন শিশুটির ওপর নির্যাতন চালানোর কথা জানায়।
পরদিন বৃহস্পতিবার মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মিরপুর থানা পুলিশকে জানিয়ে তিনি ১৫১/৪৩ দক্ষিণ পীরেরবাগের ওই বাসায় যান বলে উল্লেখ করে রাশিদা বলেন, পুলিশের সহায়তায় রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৃহকর্তা আব্দুল খালেকের স্ত্রী রোখসানা বেগম এফডিসিতে চাকরি করেন।
রাশিদা জানান, শিশুটি মূলত আব্দুল খালেকের পাঁচ বছরের মেয়ের দেখাশোনা করতো। সামান্য ভুল হলেই রোখসানা তাকে প্রচণ্ড পিটুনি দিত। ফলে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
তুলি রংপুরের আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির মেয়ে।
মিরপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ও মানবাধিকার সংস্থার আইনজীবীরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শিশুটির ওপর রোখসানা নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/২৩৪০ ঘ.
bdnews24