ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখল বন্ধে নেওয়া পদক্ষেপ এবং তা বাস্তবায়নে আর কত সময় প্রয়োজন তা জানতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসককে তলব করেছে হাইকোর্ট।
আগামী ৮ জুন তাদের আদালতে হাজির হতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের বেঞ্চ এ নির্দেশ দেয়।
এ বিষয়ে রিটের শুনানি আগামী ২২ জুন পর্যন্ত মূলতুবি করা হয়েছে।
এদিকে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. বেলাল হোসেন, ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. আসলাম আলম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল মান্নান আদালতে হাজির হন।
দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত তারা বিচারপতি এ বি এম খায়রুল হকের খাস কামরায় ঢাকার চারপাশের নদীর দূষণ, দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে নেওয়া পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি করে তারা বলেন, হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে অন্তরায়ও রয়েছে। কারণ নদীতীরের অনেক স্থাপনা অপসারণের ওপর হাইকোর্টেরই স্থগিতাদেশ রয়েছে।
নদীগুলোর দূষণ, দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে এক বছর সময় প্রয়োজন হবে বলে কর্মকর্তারা আদালতকে জানান।
বিচারপতির খাস কামরায় এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির আইনজীবী সৈয়দা রেজোয়ানা হাসান ও রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন।
গত ৩ জুন ঢাকার চারপাশের নদীগুলোর দখল, ভরাট ও নির্মাণ বন্ধে নেওয়া পদক্ষেপ জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ভূমি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বৃহস্পতিবার হাইকোর্টে হাজির থাকতে বলা হয়।
হাইকোর্টের একই বেঞ্চ গত ২৪ মে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদী দখল, ভরাট ও অবৈধ নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেয়।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়ের করা জনস্বার্থ রিট মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/২২৫৮ঘ.
bdnews24